আকাশ জাতীয় ডেস্ক:
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণে রহস্যজনকভাবে মাটি থেকে অস্বাভাবিক তাপ নির্গমনের ঘটনা ঘটেছে। টানা ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে হাসপাতাল চত্বরে একটি নির্দিষ্ট স্থান থেকে তাপ বের হওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি উদ্বেগও ছড়িয়ে পড়েছে। পানি ঢেলেও কমছে না উত্তাপ।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতাল প্রাঙ্গণের একটি অংশে প্রথমে অস্বাভাবিক গরম অনুভূত হয়। পরে দেখা যায়, প্রায় ৫০ ফুট এলাকাজুড়ে মাটি অস্বাভাবিকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। কৌতূহলবশত মাটি খুঁড়ে দেখা হলে উপরিভাগের পাশাপাশি ভেতর থেকেও তাপ নির্গত হতে থাকে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। কেউ রাসায়নিক বিক্রিয়া, কেউ ভূগর্ভস্থ গ্যাসের প্রভাব, আবার কেউ অজানা কোনো প্রাকৃতিক কারণকে এর উৎস বলে ধারণা করছেন। স্থানীয়দের দাবি, এর আগে এলাকায় এমন ঘটনা কখনও দেখা যায়নি।
এক স্থানীয় বাসিন্দা বলেন, প্রথমে বিষয়টিকে গুরুত্ব দিইনি। পরে দেখি জায়গাটি অস্বাভাবিক গরম। এখন সবাই উদ্বিগ্ন। দ্রুত এর কারণ বের করা প্রয়োজন।
আরেক বাসিন্দা বলেন, পানি দেওয়ার পরও তাপ কমছে না। এমন ঘটনা আগে দেখিনি। বিষয়টি বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করা উচিত।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোসাইরহাট ফায়ার সার্ভিসের একটি দল। তারা উত্তপ্ত স্থানে পানি ছিটিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তাতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। সংশ্লিষ্টদের দাবি, পানি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তা শুকিয়ে যাচ্ছে।
গোসাইরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এবিএম বাসার বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক পর্যবেক্ষণ করেছি। উত্তপ্ত স্থানে পানি দিয়েও তাপমাত্রা স্বাভাবিক করা সম্ভব হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশও। রহস্যজনক এ তাপের উৎস অনুসন্ধানে বিশেষজ্ঞদের মতামত নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর নজরদারি অব্যাহত রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















