ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান সম্প্রতি পীরগঞ্জ উপজেলার ৯ নম্বর সেনগাঁও ইউনিয়নের আমতলী শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শনে যান। ওই অনুষ্ঠানে দেওয়া দীর্ঘ বক্তব্যে সংসদ সদস্য আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় চেয়ারম্যান সাইদুর রহমানকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেন এবং উপস্থিত লোকজনকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। এই রাজনৈতিক বক্তব্যের সময় তার পাশেই অবস্থান করছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার।
দুই মিনিটেরও বেশি সময় ধরে দেওয়া ওই বক্তব্যের বিভিন্ন পর্যায়ে ইউএনও গোলাম রব্বানী সরদারকে প্রকাশ্যে হাততালি দিয়ে সমর্থন জানাতে দেখা যায়। এই ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনিক কর্মকর্তার এমন ভূমিকা নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন যে, একজন সরকারি কর্মকর্তা কীভাবে একটি রাজনৈতিক দলের প্রচারণায় অংশগ্রহণ করে হাততালি দিতে পারেন।
সমালোচনার মুখে নিজের অবস্থান ও আচরণের ব্যাখ্যা দিতে গিয়ে ইউএনও গোলাম রব্বানী সরদার এক অদ্ভুত মন্তব্য করেছেন। মোবাইল ফোনে কথা বলার সময় তিনি বলেন, ‘তাহলে লিখে দেন, এমপির সঙ্গে ইউএনও নির্বাচনি প্রচারণায়। আপনি শোনেন, এভাবে বলেন যে ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ। ঠিক আছে?’ এরপর তিনি কিছুটা বিদ্রূপাত্মক ভঙ্গিতে সাংবাদিকদের অনুরোধ করেন, যেন তার এই মন্তব্যের অংশটুকুই প্রচার করা হয় যাতে তিনি সারা দেশে ভাইরাল হতে পারেন।
নিজেকে সরকারি দলের আদর্শের অনুসারী দাবি করে তিনি আরও বলেন, ‘যে সরকার থাকত, আমি সেই দলেরই নেতা। বোঝা গেছে মেসেজটা? আমার দল আছে। আমার আদর্শ সরকারি দলের আদর্শ।’ তিনি দাবি করেন, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তার সংসদ সদস্যকে সহযোগিতা করার বাধ্যবাধকতা রয়েছে এবং এ বিষয়ে তার কাছে সরকারি নির্দেশনা বা চিঠিও রয়েছে। তিনি বলেন, আমার পক্ষে কোনো নিয়ম ভাঙার ক্ষমতা নেই, এমনকি সচিব, ডিসি বা কমিশনার স্যারেরও নেই। সব কাজ সংসদ সদস্যের পরামর্শ অনুযায়ী করতে হয় বলেও তিনি দাবি করেন।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সায়েম বলেন, একজন সরকারি কর্মকর্তা রাজনৈতিক বক্তব্যের সময় উপস্থিত থেকে হাততালি দিয়ে সমর্থন জানানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে যখন এমপি প্রকাশ্য সভায় একজন প্রার্থীকে দলীয় সমর্থন দিচ্ছেন, তখন ইউএনওর এমন অতিউৎসাহী ভূমিকা প্রশাসনিক নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। এ ধরনের আচরণ সরকারি কর্মকর্তাদের জন্য শোভনীয় নয় বলেও তিনি মন্তব্য করেন।
আকাশ নিউজ ডেস্ক 




















