আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবিদাওয়াকে কেন্দ্র করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে অবরুদ্ধ ও হেনস্তা করার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক আবদুল্লাহ আল-মামুনকে প্রধান করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (বিশ্ববিদ্যালয়-২) নাফিসা আরেফীন, আইন কর্মকর্তা মো. ফাহিম ফয়সাল এবং ইউজিসির অতিরিক্ত পরিচালক মো. মুহিবুল আহসান, যিনি কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সোমবার বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারী তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ, পদোন্নতি এবং বকেয়া বেতন-ভাতার দাবিতে গাজীপুর ক্যাম্পাসে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে ফেলেন। সকাল থেকে শুরু হওয়া এই অবরুদ্ধ অবস্থা দীর্ঘ ১০ ঘণ্টারও বেশি সময় স্থায়ী ছিল। পরে ১৪ ঘণ্টা পর উপাচার্য মুক্ত হন। ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত ১০ ঘণ্টার বেশি সময় ধরে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখা হয়।
এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সোমবার রাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি সিন্ডিকেট সভা আয়োজন করে। ওই সভায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























