প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত আছেন কি না, তা সরকার নিবিড়ভাবে তদারকি করছে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে এই তদারকি প্রক্রিয়াটি কীভাবে পরিচালিত হচ্ছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।
জাহেদ উর রহমান বলেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে অতীতে বহু মানুষ দলটির সঙ্গে যুক্ত ছিলেন, যা স্বাভাবিক ঘটনা। কিন্তু বর্তমানে কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মকর্তার এমন রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকাটা অত্যন্ত উদ্বেগের বিষয়। সরকার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
তিনি আরও যোগ করেন, তথ্য পাওয়ার জন্য সরকারের কাছে পর্যাপ্ত মেকানিজম এবং হাতিয়ার রয়েছে। সরকার চাইলে যেকোনো তথ্য সংগ্রহ করতে সক্ষম। সচিবালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদও উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 






















