ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় ভারত সরকার কোনো ধরনের শর্ত আরোপ করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি স্পষ্ট করে বলেন, এ বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি এবং ভারতের কোনো দায়িত্বশীল পর্যায় থেকে এমন কোনো শর্ত আসার তথ্যও সরকারের কাছে নেই। সোমবার (১৬ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয় যে, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিনিময়ে ভারত সামরিক বিমান পাঠানো এবং মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ দেওয়ার মতো শর্ত দিয়েছে। সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী দৃঢ়ভাবে বলেন, ‘নো নো, নট অ্যাট অল।’ তিনি সংবাদমাধ্যমের এ ধরনের তথ্য আমলে না নেওয়ার আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারি পর্যায় থেকে কোনো প্রস্তাব এলে বাংলাদেশ তা খতিয়ে দেখবে এবং যথাযথ জবাব দেবে।
পাসপোর্ট না পাওয়ার বিষয়ে শামা ওবায়েদ ব্যাখ্যা দেন যে, বাংলাদেশের আইন অনুযায়ী কোনো নাগরিক সাজাপ্রাপ্ত আসামি হলে বা গুরুতর মামলার আসামী হলে সরকার তাঁকে পাসপোর্ট দিতে বাধ্য নয়। তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সরকার এ চুক্তির আওতায় ইতিমধ্যে কয়েক দফায় চিঠি দিয়েছে এবং আইন মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা করছে। সরকার চায় তিনি দেশে ফিরে এসে নিজের আইনি মোকাবিলা করুন।
প্রতিমন্ত্রী পাল্টা প্রশ্ন রেখে বলেন, ভারত কেন বন্দি প্রত্যর্পণ চুক্তির সুবিধা নেবে না, তা নিয়েও প্রশ্ন তোলা যায়। ভারত সহযোগিতার হাত বাড়ালে বাংলাদেশের মানুষের জন্য বিষয়টি সহজ হবে। এ ছাড়া ভারতে অবস্থান করে শেখ হাসিনা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি। সাম্প্রতিক নাশকতার ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করে তিনি বলেন, বিদেশের মাটিতে বসে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা হলে সরকারকে তা কঠোরভাবে মোকাবিলা করতে হবে।
তবে শেখ হাসিনার বিষয়টি বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভারত-বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক ব্যক্তিগত বিষয়ের চেয়ে অনেক বড়। কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব বলেও তিনি আশা প্রকাশ করেন। একইসঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তির বিষয়েও তিনি ইতিবাচক আলোচনার ইঙ্গিত দেন।
অন্যান্য কূটনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে শামা ওবায়েদ জানান, সম্প্রতি বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ বাতিল হয়নি, বরং তা পিছিয়ে দেওয়া হয়েছে। সচিব পর্যায়ে উপযুক্ত সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া অদূর ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সফরের সম্ভাবনা রয়েছে, যার বিস্তারিত তথ্য সময়মতো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হবে। এ ছাড়া সামনে বাংলাদেশে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির ভারত সফরের সম্ভাবনার কথাও জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 























