বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্লোভেনিয়া, এস্তোনিয়া, গিনি ও ঘানার সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে নিযুক্ত এসব দেশের অনাবাসিক হাই কমিশনার ও রাষ্ট্রদূতগণ বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করতে এলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতার শুরুতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল নতুন প্রতিনিধিদের গার্ড অব অনার প্রদান করে। এরপর রাষ্ট্রপতি নবনিযুক্ত প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নতুন দায়িত্ব পালনে তাদের সাফল্য কামনা করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, এই প্রতিনিধিদের দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বাণিজ্যিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।
রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য, পাটপণ্য, সিরামিক, হিমায়িত মাছ, হালকা প্রকৌশল ও আইসিটি সেবা আমদানি বাড়ানোর জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ তুলনামূলক সুলভ মূল্যে বিশ্বমানের তৈরি পোশাক ও ওষুধ উৎপাদন করে থাকে। একইসঙ্গে তিনি এই দেশগুলোর বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার সহজ করা এবং ওষুধ রেজিস্ট্রেশন প্রক্রিয়া দ্রুততর করার ওপর জোর দেন।
স্লোভেনিয়া ও এস্তোনিয়ার প্রতি রাষ্ট্রপতি প্রকৌশল, নির্মাণ, আতিথেয়তা, স্বাস্থ্যসেবা, নার্সিং ও পরিবহন খাতে আরও বেশি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান জানান। তিনি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে আইসিটি, বস্ত্র, ওষুধ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের জন্যও দেশগুলোর প্রতি আহ্বান জানান। গিনি ও ঘানার ক্ষেত্রে তিনি দক্ষ কৃষক ও কৃষিবিজ্ঞানী নিয়োগের মাধ্যমে বাংলাদেশের কৃষি অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত টমাস মেন্সিনকে রাষ্ট্রপতি বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী ও পর্যটকদের ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান।
এ ছাড়া মধু উৎপাদন ও মৌমাছি সংরক্ষণে যৌথ উদ্যোগের প্রস্তাব দেন তিনি। অন্যদিকে, ঘানার অনাবাসিক হাই কমিশনার প্রফেসর কৌসি অবিরি-ডানসোর সঙ্গে আলোচনায় তিনি কৃষি ও বস্ত্র খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন এবং ঘানার প্রেসিডেন্ট জন ড্রামানি মহামাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
গিনির অনাবাসিক রাষ্ট্রদূত কন্তে আলাসানে দেশটির ‘সিমান্ডু ২০৪০’ উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশের সহায়তা চাইলে রাষ্ট্রপতি এতে ইতিবাচক আগ্রহ দেখান। তিনি গিনির অনুরোধে বস্ত্র প্রক্রিয়াজাতকরণ, ডাইয়িং ও প্রিন্টিং খাতে কারিগরি সহায়তা প্রদানেরও আশ্বাস দেন। রাষ্ট্রপতি উদ্যোগ বাস্তবায়ন ও সম্প্রসারণে আগ্রহের কথা জানান।
এস্তোনিয়ার রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসনের সঙ্গে আলোচনায় রাষ্ট্রপতি দেশটির ডিজিটাল গভর্ন্যান্সের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের আইসিটি, ডিজিটালাইজেশন, স্টার্টআপ ও ফিনটেক খাতে এস্তোনিয়ার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা পাওয়ার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি তিনি এস্তোনিয়াকে বাংলাদেশের ডিজিটাল ও ওষুধ খাতে বিনিয়োগের আমন্ত্রণ জানান।
সাক্ষাৎকার শেষে রাষ্ট্রপতি নবনিযুক্ত প্রতিনিধিদের সব ধরনের সরকারি সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 
























