যশোর শহরের বকুলতলা মোড়ে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে দুর্বৃত্তরা এই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার সময় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৩৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা যায়, রাতের আঁধারে দুজন দুর্বৃত্ত স্মৃতিস্তম্ভে আগুন দিচ্ছে। আগুন জ্বলে ওঠার পর তিন যুবককে মূল বেদি থেকে দ্রুত নেমে যেতে দেখা গেছে। এ সময় তাদের মুখে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায়।
সোমবার বিকেলে স্মৃতিস্তম্ভ এলাকায় সরেজমিনে পুড়ে যাওয়ার চিহ্ন স্পষ্ট ছিল। বর্তমানে ওই চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং অগ্নিকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























