শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিতে যশোরের বেনাপোল ও শার্শা সীমান্ত এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে বিজিবি। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান দায়িত্বপূর্ণ সীমানা থেকে ৮ কিলোমিটারের ভেতরে থাকা মোট ৯টি মণ্ডপ সরেজমিনে ঘুরে দেখেন।
পরিদর্শনকালে বিজিবি অধিনায়ক গোগা পূজামণ্ডপসহ সীমান্তবর্তী অন্যান্য মণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় পূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে মন্দির পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বিজিবির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়। পরিদর্শনের সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সীমান্তবর্তী এলাকার পাশাপাশি খুলনা ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে ৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অবস্থিত আরও ১৪টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছে বিজিবি।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে বলে জানান ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান।
আকাশ নিউজ ডেস্ক 























