বাংলাদেশ সাবমেরিন কেব্লস পিএলসির (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন তারঘীবুল ইসলাম। আজ সোমবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে তিনি প্রতিষ্ঠানটিতে মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) হিসেবে কর্মরত ছিলেন। তারঘীবুল ইসলাম বিসিএস (টেলিকম) ক্যাডারের ২০তম ব্যাচের একজন কর্মকর্তা।
দেশের একমাত্র আন্তর্জাতিক সাবমেরিন কেব্ল অপারেটর হিসেবে পরিচিত বিএসসিপিএলসি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন রাষ্ট্রীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। আন্তর্জাতিক সাবমেরিন কেব্ল সংযোগের মাধ্যমে দেশে ইন্টারনেট ব্যান্ডউইডথ সরবরাহের কাজ করে থাকে সংস্থাটি।
দীর্ঘ কর্মজীবনে তারঘীবুল ইসলাম টেলিটক বাংলাদেশ লিমিটেডের নেটওয়ার্ক পরিকল্পনা, করপোরেট কৌশল এবং কোম্পানি সচিবসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাস্তবায়িত সাসেক ইনফরমেশন হাইওয়ে প্রকল্পে প্রকল্প ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। নব্বইয়ের দশকের শেষভাগে মোবাইল নেটওয়ার্ক অপারেটরে সহকারী ব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে তাঁর পেশাগত জীবনের সূচনা হয়। দীর্ঘ ক্যারিয়ারে তিনি মোবাইল ও টেরেস্ট্রিয়াল টেলিযোগাযোগ নেটওয়ার্ক, প্রকল্প ব্যবস্থাপনা, করপোরেট কৌশল ও টেলিযোগাযোগ নীতি নির্ধারণী বিষয়ে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন।
তারঘীবুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব মেলবোর্ন থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি) সনদপ্রাপ্ত।
আকাশ নিউজ ডেস্ক 






















