ভয়াবহ বন্যায় জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার দুই মাস পর বাংলাদেশে আবারও বিদ্যুৎ রপ্তানি প্রক্রিয়া শুরু করেছে নেপাল। শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বাবিউবো) চেয়ারম্যান রেজাউল করিম বাসসকে নিশ্চিত করেছেন যে, ভারতের সঞ্চালন অবকাঠামো ব্যবহার করে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসা শুরু হয়েছে।
এর আগে গত ২৬ আগস্ট ভোতেকোশি নদীতে ভয়াবহ বন্যায় ত্রিশূলী ও চিলিমে জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হলে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয় এবং বিদ্যুৎ রপ্তানি সাময়িকভাবে স্থগিত রাখতে হয়েছিল। বর্তমানে ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে বিকল্প জলবিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে।
নেপাল ইলেকট্রিসিটি অথরিটির (এনইএ) নির্বাহী পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ দ্য কাঠমান্ডু পোস্টকে জানান, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি সত্ত্বেও বিকল্প উৎস থেকে বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা ও পুনরায় রপ্তানি চালু করা তাদের বড় অর্জন। উল্লেখ্য, ২০২৪ সালের ৩ অক্টোবর বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যুৎ বাণিজ্যের লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
আকাশ নিউজ ডেস্ক 






















