হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেলে যাওয়া ব্যাগ থেকে দুই ল্যাপটপ, পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করে নজির স্থাপন করেছেন দায়িত্বপালনরত আনসার সদস্যরা। উদ্ধার হওয়া সামগ্রীর বাজারমূল্য আনুমানিক চার লাখ টাকা। শনিবার ২৬ সেপ্টেম্বর সকালে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় এসব মালামাল পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ব্যাগটি অক্ষত অবস্থায় প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আনুমানিক ৪ লাখ টাকা মূল্যের এসব সামগ্রী অক্ষত অবস্থায় মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
ঘটনার সূত্রপাত সকাল সোয়া সাতটার দিকে। বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় দায়িত্ব পালন করছিলেন এপিসি মো. গোলাম রব্বানী, এপিসি মো. ইমান আলী এবং এপিসি মো. সাহেব আলী। এসময় ট্রলির ওপর একটি ব্যাগ পড়ে থাকতে দেখে তারা সেটি নিজেদের হেফাজতে নেন। ব্যাগটি তল্লাশি করে দুটি ল্যাপটপ, একটি পাসপোর্টসহ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়। পাসপোর্টের তথ্যের সূত্র ধরে জানা যায়, ব্যাগটি চীন থেকে বিজি-৩৬৭ ফ্লাইটে বাংলাদেশে আসা যাত্রী মো. রাকিবুল ইসলামের। সংশ্লিষ্টরা জানান, সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে সেখানে দায়িত্ব পালন করছিলেন এপিসি মো. গোলাম রব্বানী, এপিসি মো. ইমান আলী ও এপিসি মো. সাহেব আলী।
বিষয়টি তৎক্ষণাৎ শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিনকে অবহিত করা হয়। আনসার কর্তৃপক্ষ মাইকিং এবং পাসপোর্টে থাকা মোবাইল নম্বরের মাধ্যমে মালিকের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেয়। খবর পেয়ে দ্রুত বিমানবন্দরে উপস্থিত হন রাকিবুল ইসলাম। তাকে ডিউটি সিকিউরিটি অফিসারের কার্যালয়ে নেওয়া হয় এবং যথাযথ পরিচয় যাচাই শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মালামালগুলো বুঝিয়ে দেওয়া হয়।
নিজের হারানো ব্যাগ ও মূল্যবান সামগ্রী ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রাকিবুল ইসলাম। তিনি আনসার সদস্যদের সততা ও মানবিক দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করেছেন। মূলত বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের হারানো মালামাল উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার এই কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে আনসার বাহিনীর প্রতি আস্থা আরও বাড়িয়ে তুলেছে। পেশাদারিত্ব ও জনসেবার এই দৃষ্টান্তকে সংশ্লিষ্টরা প্রশংসার চোখে দেখছেন। বিমানবন্দরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতায় আনসার সদস্যদের এমন ভূমিকা জনসাধারণের আস্থা বাড়াতে ভূমিকা রাখছে।
আকাশ নিউজ ডেস্ক 




















