তিন দিনের সরকারি সফরে আগামী মঙ্গলবার তুরস্কের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এ অংশ নিতে ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করবেন তিনি। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এ সফরের বিস্তারিত তুলে ধরেন। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণলায়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
তুরস্কের পর্যটননগরী আনতালিয়ায় আয়োজিত জাতিসংঘের এই জলবায়ু সম্মেলনটি আজ শুরু হয়েছে, যা আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে। আনতালিয়া এক্সপো সেন্টারে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের এই সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুটি ভিন্ন পর্বে বক্তব্য দেবেন। সফরসূচি অনুযায়ী, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তৈয়্যব এরদোগানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের সরকার প্রধান ও গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক হতে পারে।
কপ-৩১ সম্মেলনকে বৈশ্বিক জলবায়ু কূটনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচনা করা হয়। এবারের আসরে বাংলাদেশ পর্যাপ্ত অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার বিষয়ে জোরালো দাবি জানাবে। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে উন্নত দেশগুলোর কাছ থেকে কার্যকর ও সহজলভ্য প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তার আহ্বান জানানো হবে।
এবারের সম্মেলনে বেশ কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ২০৩৫ সালের মধ্যে বিশ্বব্যাপী বিদ্যুতায়ন ৩৫ শতাংশে উন্নীত করা এবং মিথেন গ্যাস নিঃসরণ কমানো অন্যতম। এছাড়া ভবন নির্মাণ খাতে জ্বালানির ব্যবহার ২৫ শতাংশ হ্রাস করা এবং প্যারিস চুক্তির আলোকে উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু তহবিলের অর্থায়ন বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচনার টেবিলে থাকবে বলে জানা গেছে।
আকাশ নিউজ ডেস্ক 























