ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো আনুষ্ঠানিক বাণিজ্য চুক্তি বা কূটনৈতিক সম্পর্ক বজায় না থাকলেও, দেশ দুটির মধ্যকার আমদানি বাণিজ্যে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তথ্য অনুযায়ী, দুই দেশের বাণিজ্য যুদ্ধের আগের অবস্থায় ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে। পর্যবেক্ষকদের মতে, চরম বৈরী সম্পর্কের বরফ গলতে শুরু করার এটি একটি বড় লক্ষণ হতে পারে।
২০২৫ সালের বসন্তে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় ২৬ জনের প্রাণহানি ঘটে। নয়াদিল্লি এই ঘটনার জন্য ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান তা অস্বীকার করে। এর জেরে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং পাকিস্তানও আকাশসীমা ও ওয়াঘা সীমান্ত বন্ধসহ সব ধরণের বাণিজ্য স্থগিত করে। এরপর ওই বছরের মে মাসে দুই দেশ পাল্টাপাল্টি ড্রোন ও মিসাইল হামলায় জড়িয়ে পড়ে, যা চার দিন পর যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়।
এত তিক্ততার মধ্যেও পাকিস্তানের স্টেট ব্যাংকের দেওয়া তথ্য বলছে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান ভারত থেকে প্রায় সাড়ে ছয় কোটি ডলারের পণ্য আমদানি করেছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬৯ শতাংশ বেশি। মূলত জীবন রক্ষাকারী ওষুধ এবং রাসায়নিক উপাদানের আমদানির মাধ্যমেই বাণিজ্যের এ ধারা বজায় রয়েছে।
অর্থনীতিবিদদের ভাষ্য অনুযায়ী, ভারত থেকে এসব প্রয়োজনীয় সামগ্রী কেনা ছাড়া পাকিস্তানের সামনে তেমন কোনো ভালো বিকল্প নেই। অন্য দেশ থেকে এগুলো আনতে গেলে খরচ ৪০ থেকে ৫০ শতাংশ বেড়ে যেতে পারে। এছাড়া সরকারি নিষেধাজ্ঞা এড়াতে কিছু ভারতীয় পণ্য দুবাই বা মালয়েশিয়ার মাধ্যমে তৃতীয় পক্ষের হাত ধরে পাকিস্তানে পৌঁছাচ্ছে। বাণিজ্যের এই চিত্র দুই দেশের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক বরফ কিছুটা হলেও গলছে কি না, তা নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে। এর বাইরেও সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানি নাগরিকদের সসম্মানে দেশে ফিরিয়ে দেওয়া এবং ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে দুই দেশের ফুটবলারদের সৌহার্দ্যপূর্ণ আচরণ মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























