আকাশ আন্তর্জাতিক ডেস্ক :
মধপ্রাচ্যে চাপিয়ে দেওয়া ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের মধ্যেই বড় বিপর্যয় নেমে এসেছে উপসাগরীয় দেশ ওমানে। দুদিন ধরে দেশটিতে ব্যাপক বজ্র ও বৃষ্টিপাত হচ্ছে। এতে এখন পর্যন্ত চার জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া অনেকে নিখোঁজ আছে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের বারকা উইলায়াত থেকে অনুসন্ধান ও উদ্ধারকারী দল আরও দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। ওমান নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, নিখোঁজ অন্য এক ব্যক্তির সন্ধানে অভিযান চলছে এবং চলমান প্রবল বৃষ্টিপাতে এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।
শনিবার (২১ মার্চ) রাতে উদ্ধারকারী দল নিশ্চিত করেছে যে, ওমানের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টির তোড়ে ভেসে গিয়ে তিনজন মারা গেছেন এবং ৪০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের ওয়াদি আল মাউইলে তিনটি যানবাহন তীব্র স্রোতের মুখে পড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে। উদ্ধারকারী দল একজনকে জীবিত উদ্ধার করতে পারলেও পরে বাকি তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করে।
প্লাবিত উপত্যকা এড়িয়ে চলার সতর্কতা:
উপত্যকা এবং নিচু এলাকায় বন্যার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। মাস্কাট এবং আল বাতিনাহ উপকূলীয় অঞ্চলের বিভিন্ন স্থানে রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়ায় জরুরি বিভাগ একাধিক উদ্ধার অভিযান পরিচালনা করেছে। কর্তৃপক্ষ চালকদের প্লাবিত উপত্যকা (ওয়াদি) পার না হতে এবং নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।
অস্থিতিশীল আবহাওয়া অব্যাহত:
ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে এখনও অস্থিতিশীল আবহাওয়া বিরাজ করছে, যার কারণে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, প্রবল বাতাস এবং কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, রোববারও (২২ মার্চ) উত্তর আশ শারকিয়াহ, দক্ষিণ আশ শারকিয়াহ, আল উস্তা, আদ দাখিলিয়াহ, আদ দাহিরাহ, দক্ষিণ আল বাতিনাহ এবং মাস্কাটজুড়ে বজ্রঝড় ও প্রবল বাতাস অব্যাহত থাকতে পারে।
জরুরি কেন্দ্রগুলো উচ্চ সতর্কতায়:
আবহাওয়া ব্যবস্থা ‘নিম্নচাপ আল-মুসাররাত’-এর প্রভাব মোকাবিলায় ন্যাশনাল কমিটি ফর এমার্জেন্সি ম্যানেজমেন্ট বিভিন্ন অঞ্চলে তাদের জরুরি কেন্দ্রগুলো সক্রিয় করেছে। বন্যা এবং অন্যান্য ঝুঁকি মোকাবিলায় কর্তৃপক্ষ উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান:
বাসিন্দাদের সরকারি নির্দেশনা অনুসরণ করতে, নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে এবং অনুমোদিত সূত্রের মাধ্যমে সর্বশেষ খবরের আপডেট থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। উদ্ধার অভিযান চলাকালীন নাগরিকদের সতর্ক থাকতে এবং নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার জন্য স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















