আকাশ জাতীয় ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নির্বাচনী এলাকার পাঁচ হাজার মানুষকে ‘ঈদ উপহার’ পাঠানো শুরু করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার রাত থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে সপ্তাহব্যাপী। উপহার প্যাকেটে রয়েছে- চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী।
করোনাভাইরাস ঠেকাতে সরকার ঘোষিত ছুটির মধ্যে কর্মহীন হয়ে বেকায়দায় পড়েছে নিম্নআয়ের মানুষ। রাজধানীতে ‘দিন এনে দিন খাওয়া’ এসব মানুষের খাবার জুটছে নানাজনের দেয়া ত্রাণে। গত মাসের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী তার নির্বাচনী এলাকার নিম্ন আয়ের মানুষকে ত্রাণ সহায়তা দিচ্ছেন। এরইমধ্যে কয়েক হাজার মানুষের ঘরে পৌঁছে দেয়া হয়েছে বিভিন্ন ত্রাণ সামগ্রী।
তাছাড়া মন্ত্রীর নিজ এলাকায় বিতরণের জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। যেগুলো প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে। ঈদকে সামনে রেখে মন্ত্রী পাঁচ হাজার পরিবারকে ঈদ উপহার পাঠানো শুরু করেছেন।
তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর ও রমনার একাংশ নিয়ে গঠিত ঢাকা-১২ আসন। তিনবার এই আসন থেকে জয়লাভ করেছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। ২০১৪ সালের ২ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। পরের বছরের ১৪ জুলাই পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পুনরায় স্বরাষ্ট্রমন্ত্রীর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মন্ত্রিত্ব পেয়ে প্রতিবারই সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলে, ‘মন্ত্রী গতরাত থেকে নির্বাচনী এলাকার খেটে খাওয়া মানুষকে ঈদ উপহার পাঠানো শুরু করেছেন। এই উপহারের প্যাকেটে রয়েছে- আট কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি চিনি, এক কেজি লবণ ও সেমাই। সামাজিক দূরত্ব নিশ্চিত করে বাড়ি বাড়ি গিয়ে এসব উপহার সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।’
আকাশ নিউজ ডেস্ক 




















