সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর সংলাপ ফোরামে অংশ নিতে নয়াদিল্লি পৌঁছেছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক। ২০২৫ সালের মে মাসে দুই প্রতিবেশী দেশের মধ্যে চার দিনের যুদ্ধের পর এই প্রথম পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফরে এলেন। তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলনে শনিবার মালিকের বক্তব্য রাখার কথা রয়েছে। এর আগে ২০২৩ সালের মে মাসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি সর্বশেষ পাকিস্তান থেকে ভারত সফর করেছিলেন।
উভয় পক্ষই এই সফরকে এসসিও’র নিয়মিত বহুপাক্ষিক কর্মসূচি হিসেবে বর্ণনা করলেও এটি নিয়ে বড় ধরনের জল্পনা তৈরি হয়েছে। পাকিস্তান আগামী বছর আগস্টে এসসিও শীর্ষ সম্মেলনের আয়োজন করবে, যেখানে নরেন্দ্র মোদির অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। পর্যবেক্ষকদের মতে, এই সফর মোদির ইসলামাবাদ সফরের প্রেক্ষাপট তৈরি করতে পারে কি না, তা দেখার বিষয়। তবে কোনো দ্বিপাক্ষিক বৈঠকের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। গত ১ সেপ্টেম্বর এসসিও’র আবর্তনশীল সভাপতির দায়িত্ব নেয়া পাকিস্তান আগামী বছরের আগস্টে ইসলামাবাদে জোটের শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। একই সাথে ২০২৭ সালের শীর্ষ সম্মেলনে মোদির অংশগ্রহণের পথ কিছুটা হলেও খোলা রাখা এর লক্ষ্য।
ভারতীয় গণমাধ্যমের তথ্যানুসারে, নয়াদিল্লি প্রাথমিকভাবে পাকিস্তানের সংস্কৃতিমন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকে আমন্ত্রণ জানালেও ইসলামাবাদ শেষ পর্যন্ত মুসাদিক মালিককে পাঠিয়েছে। ক্ষমতাসীন পিএমএল-এনের জ্যেষ্ঠ নেতা খুররম দস্তগীর খান জানিয়েছেন, ভারতের সাজানো ছকে না গিয়ে এসসিও সদস্য হিসেবেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, যাতে ভবিষ্যতে মোদির পাকিস্তান সফরের পথ খোলা থাকে। অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করেছেন যে, নিয়ম মেনে সব সদস্যকেই আমন্ত্রণ জানানো হয়েছে এবং পহেলগাম হামলার পর পাকিস্তানের বিষয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। অন্যদিকে, নয়াদিল্লি এই সফরকে কেবল এসসিও কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাইছে।
২০২৫ সালের এপ্রিলে ভারত-শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর দেশ দুটির মধ্যে যুদ্ধ বাঁধে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে, যা ইসলামাবাদ বরাবরই অস্বীকার করে আসছে। যুদ্ধের পর থেকেই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের স্থবিরতা প্রকট হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভারত ১৯৬০ সালের সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে। যদিও গত ৩১ আগস্ট হেগের সালিশি আদালত এক রায়ে জানায় যে, ভারত একতরফাভাবে এই চুক্তি স্থগিত করতে পারে না, কিন্তু নয়াদিল্লি সেই আদালতের এখতিয়ারই প্রত্যাখ্যান করেছে।
এছাড়া গত সেপ্টেম্বরে আরব সাগরে দুই দেশের নৌবাহিনীর জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং ২০১৯ সাল থেকে উভয় রাজধানীতে কোনো হাইকমিশনারও নেই। তবে হিন্দুস্তান টাইমসের পররাষ্ট্র বিষয়ক সম্পাদক রেজাউল হাসান লস্করের দাবি, গত বছরের সংঘাতের কয়েক মাস পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে কিছু অনানুষ্ঠানিক বা ট্র্যাক ১.৫ ও ২ পর্যায়ের আলোচনা চলছে। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইরফান নুরুদ্দিন মনে করেন, মোদির পক্ষে সাহসী সিদ্ধান্ত নেওয়া সম্ভব হলেও আগামী আগস্টের আগে পরিস্থিতির অনেক পরিবর্তন হতে পারে। তবে আগামী আগস্টের আগে অনেক কিছুই ঘটতে পারে বলে তিনি মন্তব্য করেন।
আকাশ নিউজ ডেস্ক 

























