রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমার রাষ্ট্রের প্রতি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নিন্দা জানানোর রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রতিক্রিয়ায় বলেন, এই রায়ে বাংলাদেশ অত্যন্ত সন্তুষ্ট। তিনি জানান, আন্তর্জাতিক আদালতের বিচারিক কার্যক্রমে এটি একটি ঐতিহাসিক ঘটনা, যেখানে প্রথমবারের মতো গণহত্যার দায়ে কোনো রাষ্ট্রকে নিন্দা জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া জানান।
মানবাধিকারের এমন গুরুতর লঙ্ঘনের দায়ে কোনো দেশের বিরুদ্ধে আদালতের এমন রায় অতীতে দেখা যায়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রায়ে শুধু নিন্দাই জানানো হয়নি, বরং ভুক্তভোগী রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ক্ষতিপূরণের বিষয়টিও উঠে এসেছে। এই রায় রোহিঙ্গা সংকট সমাধানে এবং ভবিষ্যতে কূটনৈতিক পথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।
হুমায়ুন কবির আরও বলেন, আইসিজের এই রায়ের ইতিবাচক প্রভাব বাংলাদেশের ওপরও পরবে। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্যও ইতিবাচক ফলাফলের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে রায়ের আইনি ও সামগ্রিক বিষয়গুলো পর্যালোচনার পর আগামীকাল একটি বিস্তারিত ব্রিফিংয়ের মাধ্যমে সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
আকাশ নিউজ ডেস্ক 
























