সাত বছরের আইনি লড়াই শেষে মিয়ানমারের বিরুদ্ধে বড় রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো ভয়াবহ দমন-পীড়নের ঘটনায় ‘গোষ্ঠী নিধনের (জেনোসাইড) লক্ষ্য’ নিয়ে নির্বিচারে মানুষ হত্যার অভিযোগে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার এই রায় ঘোষণার সময় আদালতের বিচারকেরা উল্লেখ করেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ড ছিল জেনোসাইডের লক্ষ্য অর্জনে পরিচালিত। সাত বছর ধরে বিচারকাজ পরিচালনার পর আজ রায় ঘোষণা করলেন আইসিজের বিচারকেরা।
নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত এই আদালতের সভাপতি বিচারক ইওয়াসাওয়া ইয়ুজি জানিয়েছেন, ২০১৭ সালের তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চলাকালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে প্রাণনাশের ঘটনায় সরাসরি জড়িত। এ সময় বাহিনীর সদস্যরা ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের ওপর চরম নিপীড়নের ঘটনা ঘটিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সীমান্তের দিকে আশ্রয়ের সন্ধানে ছুটতে থাকা অসংখ্য রোহিঙ্গার ওপর তারা হামলা চালিয়েছে বলে আদালত নিশ্চিত করেছে।
বিচারক ইয়ুজি আরও বলেন, তৎকালীন সময়ে ওই অভিযানের মাধ্যমে এমন একটি প্রতিকূল পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর জন্য সহিংসতা চালানোর সুযোগ সৃষ্টি করে। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর একাংশকে নির্মূল করার বিষয়ে মিয়ানমার কর্তৃপক্ষের যে সুনির্দিষ্ট অভিপ্রায় ছিল, তার প্রমাণ পাওয়া গেছে। আদালতে উপস্থাপিত সমস্ত তথ্য-উপাত্ত ও প্রমাণাদি পর্যালোচনা করে আদালত এই যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে যে, মিয়ানমার সেনাবাহিনী জেনোসাইড বা গোষ্ঠী নিধনের উদ্দেশ্য নিয়েই কাজ করেছিল।
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট মাসে মিয়ানমারের আরাকান রাজ্যে সেনাবাহিনীর ব্যাপক নির্যাতনের মুখে জীবন বাঁচাতে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। তাদের একটি বড় অংশ এখনো কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবির এবং নোয়াখালীর ভাসান চরে মানবেতর জীবনযাপন করছে। ১৯৪৮ সালের জাতিসংঘের জেনোসাইড সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালে গাম্বিয়া আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল। দীর্ঘ সাত বছর বিচার প্রক্রিয়া শেষে এই ঐতিহাসিক রায়টি এসেছে, যা ঘিরে প্রত্যাশার প্রহর গুনছেন বাস্তুচ্যুত রোহিঙ্গারা। তাদের নিষ্ঠুরতার মুখে ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয় সাত লাখের বেশি রোহিঙ্গা।
আকাশ নিউজ ডেস্ক 
























