ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সামরিক উত্তেজনার পারদ আবারও চরম পর্যায়ে পৌঁছেছে। বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার অভিযোগ ওঠার পরপরই ইরানের কেশম দ্বীপে পাল্টা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আলজাজিরার তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) এই পালটাপালটি সামরিক হামলার ঘটনাটি ঘটেছে, যা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে দাবি করেছে, মঙ্গলবার দিনের শুরুতেই বাহরাইনের ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছিল। তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ছোড়া ড্রোনগুলো আকাশেই ভূপাতিত করা হয়েছে। বাহরাইনের ইসা বিমানঘাঁটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর অবস্থান করে, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান সামরিক কেন্দ্র।
অন্যদিকে, আইআরজিসি হামলার দায় স্বীকার করে ভিন্ন দাবি করেছে। তাদের বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনীর উসকানির জবাব দিতেই তারা এই হামলা পরিচালনা করেছে এবং বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রাডার সিস্টেম লক্ষ্য করে তারা সফল হয়েছে। এই ঘটনার পরপরই ওয়াশিংটন কঠোর প্রতিক্রিয়া দেখিয়ে ইরানের অভ্যন্তরে সামরিক স্থাপনায় পাল্টা আঘাতের সিদ্ধান্ত নেয়।
মার্কিন পক্ষ জানায়, আত্মরক্ষার যুক্তি ও নিজেদের সামরিক সম্পদের ওপর আগ্রাসনের দায়ে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে। এর অংশ হিসেবে কেশম দ্বীপে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় হরমোজগান প্রদেশের গভর্নর দপ্তরের এক কর্মকর্তা। তিনি জানান, দ্বীপের বিভিন্ন স্থানে মার্কিন হামলা হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি; কোনো আবাসিক এলাকা বা সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
এই পালটাপালটি হামলার ঘটনায় মিশর তীব্র নিন্দা জানিয়েছে এবং উত্তেজনা প্রশমনে উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। দুই দেশের সরাসরি এই লড়াইয়ের জেরে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে, যার ফলে আন্তর্জাতিক সম্প্রদায় পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে এ ধরনের আগ্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দেশটি।
আকাশ নিউজ ডেস্ক 
























