পুলিশ বাহিনীর অভ্যন্তরেই এখন এক গভীর সংকট ও অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের পলাতক নেতাদের সঙ্গে গোপন যোগাযোগ এবং স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থাগুলো নেতিবাচক তথ্য পেয়েছে। অভিযোগ রয়েছে, এদের অনেকে সরকারের প্রতি অনুগত সাজার অভিনয় করলেও মূলত শেখ হাসিনার দেশে ফেরা এবং দেশকে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এই পরিস্থিতির সর্বশেষ শিকার চট্টগ্রাম রেঞ্জের রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলম, যাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের কিছু সদস্যকে ঘিরে সন্দেহ-অবিশ্বাস তৈরি হয়েছে খোদ বাহিনীতেই। তথ্যপ্রমাণ পাওয়ার পর তাদের বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তার করা হয়েছে। এসব নিয়ে পুলিশের ভেতরেও অস্থিরতা বিরাজ করছে।
দায়িত্বশীল সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে নিয়োগ পাওয়া পুলিশ কর্মকর্তাদের নিয়ে বাহিনীতে ব্যাপক সংশয় দেখা দিয়েছে। সুবিধাভোগী এসব কর্মকর্তা বর্তমানে বিএনপি সরকারের অনুগত সেজে কৌশলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন নিয়েছেন। তবে তাদের আসল উদ্দেশ্য হলো পলাতক নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা এবং সরকারের গোপনীয় তথ্য পাচার করা। এই ঘটনার পর থেকে বাহিনীর মধ্যে পারস্পরিক অবিশ্বাসের সৃষ্টি হয়েছে, যেখানে প্রতিটি পদমর্যাদার সদস্যই সন্দেহের তালিকায় রয়েছেন। বিশেষ করে কনস্টেবল থেকে শুরু করে এএসপি পদমর্যাদার কর্মকর্তাদের গতিবিধির ওপর কঠোর নজরদারি চালানো হচ্ছে। সাম্প্রতিক কয়েকজন কর্মকর্তার আওয়ামী লীগ কানেকশন ও সরকারবিরোধী উস্কানিসহ নানা কর্মকাণ্ডের ঘটনা সামনে আসার পর নানা আলোচনার সৃষ্টি হয়েছে। তাদের অনেকেই পদোন্নতি পেয়ে এখন বড় কর্মকর্তা হয়েছেন। বর্তমান সরকারের আমলেও তারা কৌশলে সুবিধা নিচ্ছেন।
শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকেই এমন অনেক কর্মকর্তার মুখোশ উন্মোচিত হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা, ককটেল বিস্ফোরণ এবং জ্বালাও-পোড়াওয়ের মতো অস্থিতিশীল কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে পলাতক নেতাদের কাছ থেকে অর্থ নিয়ে তারা মাঠ পর্যায়ের নেতাকর্মীদের নাশকতায় উৎসাহিত করছেন। তবে অনেকের অবস্থান অত্যন্ত কৌশলী হওয়ায় সরাসরি তথ্য-প্রমাণ পাওয়া চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে যেসব কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মোবাইল ফোন ফরেনসিক ও কারিগরি বিশ্লেষণের মাধ্যমে সরকারবিরোধী ষড়যন্ত্রের স্পষ্ট প্রমাণ মিলেছে। অনেকের সন্দেহভাজন কর্মকাণ্ড প্রকাশ্যে এসেছে।
সংশ্লিষ্ট নীতিনির্ধারণী সূত্র জানিয়েছে, গত ১৫ বছরে নিয়োগ পাওয়া প্রায় ২২ হাজার পুলিশ সদস্য বর্তমানে বিশেষ নজরদারিতে রয়েছেন, যার মধ্যে ১৭ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপ-পরিদর্শক (এসআই) পদমর্যাদার। এর বাইরেও আরও কয়েক হাজার সদস্যের বিরুদ্ধে দলীয় রাজনীতির সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত চলছে। ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে গ্রেপ্তারের ঘটনাটিও এই ধারাবাহিক নজরদারিরই অংশ, যেখানে হাসিনার দেশে ফেরার বিষয়ে কথোপকথনের অডিও ফাঁস হয়েছিল।
গোয়েন্দা তথ্যানুযায়ী, বিদেশে পলাতক আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা এখন কলকাঠি নাড়ছেন এবং তাদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন ওই আমলের দাপুটে পুলিশ কর্মকর্তারা। গণ-অভ্যুত্থানের সময় আত্মগোপনে যাওয়া বা পালিয়ে যাওয়া এসব সিনিয়র কর্মকর্তার একটি তালিকাও তৈরি করা হয়েছে, যারা এখনো বিভিন্ন উপায়ে অধীনস্থদের নাশকতার দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। বাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় অভিযুক্তদের চিহ্নিত করে তাদের টিকুজি বের করার পাশাপাশি প্রতিটি পদক্ষেপে কঠোর সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























