বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে এক যুবককে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী খাদিজা আক্তার উর্মিকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী সাদিয়া আক্তার সেতু। উর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। অন্য একটি মামলায় তিনি বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ধানমন্ডি মডেল থানার মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে ধানমন্ডি ৩ নম্বর সড়কে ল্যাবএইড হাসপাতালের বিপরীতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র, ককটেল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এই ভয়াবহ হামলায় মো. সজিব ইসলাম (৩২) নামের এক যুবক গুরুতর আহত হন। হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তার পিঠ ও কোমরে গুলি লাগে। এই ঘটনার প্রেক্ষিতে ধানমন্ডি মডেল থানায় দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় হত্যাচেষ্টা মামলাটি দায়ের করা হয়।
তদন্ত কর্মকর্তা ও ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. তারিকুল ইসলাম আদালতে উপস্থাপিত আবেদনে উল্লেখ করেছেন যে, চলমান তদন্ত ও প্রাপ্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে উক্ত হামলায় খাদিজা আক্তার উর্মির সরাসরি ও প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। মামলার যথাযথ বিচারিক কার্যক্রমের স্বার্থে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো একান্ত প্রয়োজন বলে তদন্তকারী পুলিশ কর্মকর্তা আদালতকে অবহিত করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























