যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার রাত ১০টার দিকে মেফেয়ার ভেন্যুর সামনে এনসিপি কর্মী এবং আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির সৃষ্টি হয়। বাংলাদেশে রাজনৈতিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে। এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া নাগরিক সংবর্ধনা শেষে স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে মেফেয়ার ভেন্যুর সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনকে চিকিৎসার জন্য লন্ডনের কিংস কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই নাহিদ ইসলাম আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান। প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের দেওয়া তথ্যানুযায়ী, সেখানে অন্তত চারজনকে গুরুতর আহত অবস্থায় দেখা গেছে। ঘটনাস্থলে দ্রুত পুলিশের পাঁচটি গাড়ি ও দুটি অ্যাম্বুলেন্স পৌঁছায় এবং অ্যাম্বুলেন্সকর্মীরা হলের ভেতরেই আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। তাঁদের মধ্যে পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে নাহিদ ইসলাম মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জানান, অনুষ্ঠান শেষে সাধারণ প্রবাসী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের উগ্র কর্মীরা হামলা চালিয়েছে।
তিনি বলেন, অনুষ্ঠানস্থলে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন, যারা নিজেরাই এই সহিংসতার প্রত্যক্ষ সাক্ষী। তিনি আশা প্রকাশ করেন, তাদের তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হবে। এ সময় তিনি যুক্তরাজ্য সরকারের কাছে এই হামলার নিরপেক্ষ ও কার্যকর তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, এক সপ্তাহের সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন জুলাই গণ-অভ্যুত্থানের এই ছাত্রনেতা। গত শনিবারও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে হেনস্তার চেষ্টা চালিয়েছিল আওয়ামী লীগের সমর্থকরা, যদিও এনসিপির স্থানীয় কর্মীদের তৎপরতায় সেদিন কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যুক্তরাজ্যে সফররত ছাত্রনেতাদের লক্ষ্য করে একাধিকবার বিক্ষোভের ঘটনা ঘটেছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে তৎকালীন উপদেষ্টা মাহফুজ আলম এবং এ বছরের জুন মাসে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সফরকালেও ডিম নিক্ষেপ ও বাধার মুখে পড়ার মতো উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। হাসনাত আবদুল্লাহর একটি অনুষ্ঠানে এমন বিক্ষোভের সময় তিনজনকে আটকও করেছিল স্থানীয় কর্তৃপক্ষ। লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক।
আকাশ নিউজ ডেস্ক 
























