রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ডসংলগ্ন পদচারী-সেতুর দুই পাশের রাস্তায় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চারটি ককটেল ছুড়ে মারার ঘটনা ঘটেছে। এর মধ্যে পশ্চিম পাশের রাস্তায় একটি ককটেল বিস্ফোরিত হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে মোট চারজনকে আটক করা হয়েছে।
কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক জানান, ওভারব্রিজের পূর্ব পাশের রাস্তায় তিনটি ককটেল পড়ে থাকতে দেখা যায়, যেগুলোর বিস্ফোরণ হয়নি। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়কারী দল সেগুলো উদ্ধার ও নিষ্ক্রিয় করে। এই তিন ককটেল উদ্ধারের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অন্যদিকে, ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, পশ্চিম পাশের রাস্তায় বিস্ফোরণের অভিযোগে আরও দুজনকে আটক করা হয়েছে। ককটেল বিস্ফোরণ ও নিক্ষেপের এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আটক ব্যক্তিদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 






















