বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ক্রমশ শক্তি বৃদ্ধি করে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বমধ্য ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত এই ঝড়টি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে চলেছে। আবহাওয়া কর্মকর্তা খো. হাফিজুর রহমান জানান, সোমবার দুপুর ১২টা নাগাদ এটি চট্টগ্রাম বন্দর থেকে ৮৪০ কিমি, কক্সবাজার থেকে ৭৭৫ কিমি, মোংলা থেকে ৭৮৫ কিমি এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড়টির বর্তমান গতিপথ বিশ্লেষণ করে পূর্বাভাস দেওয়া হয়েছে যে, আজ মধ্যরাত নাগাদ এটি আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরবর্তীতে আরও ঘণীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এর। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী বুধবার (২৮ অক্টোবর) নাগাদ এটি অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। আগামী বুধবার (২৮ অক্টোবর) নাগাদ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার রেকর্ড করা হয়েছে, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের আশপাশের সাগর এলাকা অত্যন্ত উত্তাল অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।
সতর্কতার অংশ হিসেবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে ১৫.৫° উত্তর অক্ষাংশ এবং ৮৮.৩° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি।
আকাশ নিউজ ডেস্ক 






















