দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রবিবার সকাল ১০টা থেকে কার্যকর হওয়া নতুন দরে প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। এই পরিবর্তনের ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ এখন ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দরপতনের প্রেক্ষিতেই এই সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকায় পাওয়া যাচ্ছে। সোমবারও একই দর বহাল রয়েছে।
এর আগে গত ২৩ অক্টোবর বাজুস স্বর্ণের দাম কমিয়েছিল। সেদিন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ২১ ক্যারেটের ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছিল। উল্লেখ্য, বর্তমান দরের আগে আরও দুই দফা স্বর্ণের দাম কমানোর ঘটনা ঘটেছে।
আকাশ নিউজ ডেস্ক 






















