আকাশ নিউজ ডেস্ক:
কমিক বইয়ের পাতায় সুপারহিরোদের আমরা মানুষকে বিপদে সাহায্য করতে দেখি। তবে এবার বাস্তবেই এমন এক হিরোর দেখা মিলল যুক্তরাষ্ট্রের আরকানসাসে। স্পাইডার-ম্যানের পোশাকে থাকা এক তরুণ ব্যস্ত রাস্তায় এক হুইলচেয়ার আরোহীকে নিরাপদে পার করে দিয়ে ইন্টারনেটে রীতিমতো সেনসেশনে পরিণত হয়েছেন।
২০ বছর বয়সী ওই তরুণের নাম ক্রিস্টোফার হেলেনথাল। জোনসবরো এলাকার একটি ট্রামপোলিন পার্কে কাজ করেন তিনি। সেখানে একটি সুপারহিরো ইভেন্ট শেষে স্পাইডার-ম্যানের পোশাক পরেই তিনি গাড়ি চালিয়ে ফিরছিলেন। পথে দেখেন, ছয় লেনের একটি ব্যস্ত রাস্তা পার হতে রীতিমতো সংগ্রাম করছেন এক ব্যক্তি।
ট্রাফিক সিগন্যালে তখন লাল বাতি জ্বলছিল, গাড়িগুলো অপেক্ষায় ছিল। হেলেনথাল আর সময় নষ্ট করেননি। গাড়ি থেকে লাফিয়ে নেমে তিনি দৌড়ে যান ওই ব্যক্তির কাছে। ট্রাফিক আবার শুরু হওয়ার আগে হাতে খুব কম সময় থাকায় সাহায্য করার মুহূর্তে তিনি শুধু বলেন, ‘আমি আপনাকে ধরেছি।’ এরপর সিগন্যাল পরিবর্তন হওয়ার আগেই দ্রুত হুইলচেয়ারটি ঠেলে তাকে নিরাপদে রাস্তার ওপারে পৌঁছে দেন।
পুরো ঘটনাটি রাস্তার ক্যামেরায় ধরা পড়ে। জোনসবরো পুলিশ বিভাগ এই ঘটনার ভিডিও শেয়ার করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পুলিশের পাশাপাশি সাধারণ মানুষও তার এই নিঃস্বার্থ কাজের ব্যাপক প্রশংসা করছেন।
ছোটবেলা থেকেই স্পাইডার-ম্যানের ভক্ত হেলেনথাল। শিশুদের আনন্দ দিতেই তিনি ওই পোশাক পরেছিলেন। তিনি জানিয়েছেন, সুপারহিরোর পোশাক গায়ে না থাকলেও তিনি লোকটিকে এভাবেই সাহায্য করতেন।
তার সহকর্মীরা জানান, মানুষকে সাহায্য করাটা হেলেনথালের ব্যক্তিত্বেরই অংশ। স্পাইডার-ম্যানের সেই বিখ্যাত বার্তার মতোই, পোশাক নয়, বরং তাৎক্ষণিক সাহসিকতাই তাকে মানুষের কাছে সত্যিকারের হিরো করে তুলেছে।
আকাশ নিউজ ডেস্ক 

























