আকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ’র ২০ শয্যার ১৫টিতে রাখা হয়েছে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের। আইসিইউতে হাই ফ্লো মেশিন আছে ১২টি। হামে আক্রান্ত ৯ মাস বয়সী শিশু সুরাইয়া আলমকে প্রথমে একটি হাই ফ্লো মেশিন দেওয়া হয়। সেটিতে ফুটো ছিল। পরে আরেকটি দেওয়া হলেও সেটিতেও সমস্যা ছিল।
শেষে চিকিৎসকরা রোগীর বাবা মোহাম্মদ আলমকে হাই ফ্লো নাজাল ক্যানুলা (অক্সিজেন পাইপ) কিনে আনতে বলেন। কয়েক ঘণ্টার চেষ্টায় একটি কোম্পানি থেকে ১১ হাজার টাকা দামের অক্সিজেন পাইপ কিনেন আলম। কিন্তু সেটা হাসপাতালে পৌঁছার আগেই মারা যায় তার বুকের ধন।
সোমবার বেলা পৌনে ২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় আইসিইউ’র সামনে সন্তানের মৃত্যুর খবর পেয়ে অঝোরে কাঁদছিলেন তিনি। তখনো তার হাতে নাজাল ক্যানুলার নাম লেখা স্লিপটি ধরা। আইসিইউর সামনে চিৎকার করে কাঁদছিলেন তার স্ত্রী ছেনোয়ারা বেগমও। বারবার বলছিলেন, ‘আমার মেয়ে চলে গেছে; আর কোনো অক্সিজেন পাইপ লাগবে না; কিচ্ছু লাগবে না।’
পরে বিকেল সাড়ে ৩টার দিকে মেয়েকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মোহাম্মদ আলম। কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা মোহাম্মদ আলম পেশায় আলোকচিত্রী। সৈকতে পর্যটকদের ছবি তুলে সংসার চালান। গত বৃহস্পতিবার রাতে হামে আক্রান্ত ৯ মাস বয়সী মেয়ে সুরাইয়াকে হাসপাতালে ভর্তি করিয়েছিলেন।
শিশু স্বাস্থ্য বিভাগের এক চিকিৎসক নাম প্রকাশ না করে বলেন, শিশু আইসিইউটি বেসরকারি অনুদানে প্রতিষ্ঠিত। সেখানে কোন যন্ত্রাংশ নষ্ট হলে চিকিৎসক বা রোগীদের টাকায় কিনতে হয়। হাই ফ্লো নাজাল ক্যানুলা রোগীর শ্বাসপ্রশ্বাসে সহায়তা করার জন্য ব্যবহার করা হয়। এর মাধ্যমে নাকে উচ্চ প্রবাহে উষ্ণ ও আর্দ্র অক্সিজেন সরবরাহ করা হয়। ফলে রোগীর শ্বাস নেওয়া সহজ হয় এবং শরীরে ভালোভাবে অক্সিজেন পৌঁছায়। এ ধরনের বিশেষ যন্ত্র শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ শ্বাসযন্ত্রজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হয়।
তিনি জানান, সুরাইয়ার শরীরে হাম শনাক্ত হয়েছিল। হামের জটিলতা থেকে তার মস্তিষ্কে মিজেলস এনসেফালাইটিস (প্রদাহ) হয়ে যায়। হামে অনেকের মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্র আক্রান্ত হয়।
সুরাইয়ার বাবা মোহাম্মদ আলম বলেন, ‘মেয়েকে বাঁচাতে সবই করেছি। চিকিৎসার খরচ জোগাতে আমার জীবিকার একমাত্র অবলম্বন ক্যামেরাটিও বিক্রি করে দিয়েছি। এতো বড় একটি হাসপাতালে অক্সিজেন পাইপ থাকবে না, এটা কেমন কথা? না থাকলে তারা তা আগে বলতে পারত।’
হামে একদিনে চমেকে আরও ৪ শিশুর মৃত্যু-
চমেকের শিশুস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত রোববার রাত ১২টা থেকে সোমবার বেলা ২টা পর্যন্ত হাম ও হামের উপসর্গজনিত নিউমোনিয়ায় সুরাইয়া আলমসহ চার শিশুর মৃত্যু হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার একদিনে চট্টগ্রামের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে নতুন করে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৪৩ জন।
আকাশ নিউজ ডেস্ক 


















