‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশল, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার (২৩ নভেম্বর) সকালে আইডিইবি রংপুর জেলা শাখার আয়োজনে এই দিবসটি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সকালে নগরীর টাউন হল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় টাউন হল চত্বরে এসে শেষ হয়। এরপর টাউন হল অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবি রংপুর জেলা নির্বাহী কমিটির আহ্বায়ক প্রকৌশলী আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সেলিমুর রহমান এবং ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী রিয়াজুল হক নান্নু ও সদস্যসচিব প্রকৌশলী রবিউল ইসলাম।
আইডিইবি রংপুর জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক (অতিরিক্ত দায়িত্ব) মহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় সংগঠনের সদস্য, আমন্ত্রিত সুধীজন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 
























