ক্যানসার ও কিডনিজনিত গুরুতর সমস্যায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন দেশের খ্যাতিমান নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু। গুণী এই নির্মাতার ব্যয়বহুল চিকিৎসার পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে চ্যানেল আই। এর অংশ হিসেবে আগামী ২৮ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটে তার স্বামী নূরুল আলম আতিক পরিচালিত চলচ্চিত্র ‘ডুবসাঁতার’-এর একটি বিশেষ প্রদর্শনী প্রচার করা হবে।
দুই দশকের বেশি সময় ধরে দেশের টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনে সৃজনশীল কাজের স্বাক্ষর রেখেছেন মাতিয়া বানু শুকু। বিশেষ করে মধ্যবিত্তের জীবন ও সামাজিক বাস্তবতাকে তিনি নিপুণভাবে পর্দায় তুলে ধরেছেন। তার রচিত ও পরিচালিত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’ ও ‘গোল্লাছুট’-এর মতো জনপ্রিয় সব টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক।
ব্যক্তিজীবনে ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু কাজের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার প্রযোজক হিসেবে তিনি এই গৌরব অর্জন করেন। বর্তমানে তার চিকিৎসার বড় অংকের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার, আর সেই মানবিক ডাকে সাড়া দিয়েই বিশেষ এই প্রচারণার আয়োজন করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 






















