‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় শহর রংপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দিবসটি উপলক্ষে রংপুর ডায়াবেটিক সমিতি দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতামূলক নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির শুরুতে সকাল ৮টায় বিনামূল্যে ডায়াবেটিস মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়, যেখানে প্রায় ৭০০ জনের স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হয়েছে।
সকাল সাড়ে ৯টায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. আব্দুর রউফ। সমিতির সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোস্তফা আজাদ চৌধুরী বাবু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক মো. সামসুজ্জামান সামু। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম।
ডায়াবেটিস প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর কবীর পলাশ। বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. জাহাঙ্গীর কবীর পলাশ তাদের প্রশ্নের উত্তর দেন।
আলোচনার শেষভাগে প্রশ্নোত্তর পর্বে চিকিৎসকের কাছ থেকে রোগীরা ডায়াবেটিস সংক্রান্ত বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন। স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বাড়াতে আয়োজিত এই অনুষ্ঠানে সমিতির আজীবন ও বার্ষিক সদস্যরা ছাড়াও বীর মুক্তিযোদ্ধা মনজুরুল ইসলাম ও মো. জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, নার্সিং শিক্ষার্থী, গার্ল গাইড, বণিক সমিতির সদস্য এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
আকাশ নিউজ ডেস্ক 
























