রংপুরের পীরগাছা উপজেলার মাস্টারপাড়া এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বাবার ছুরিকাঘাতে মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে ৫৫ বছর বয়সী মাহাবুর রহমান নামের ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত মাহাবুর রহমান পীরগাছার চর তাম্বুলপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে ২২ বছর বয়সী হাসানুর রহমান পলাতক রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার লাকসাম গ্রামের এক তরুণীর সঙ্গে হাসানুরের বিয়ে হয়। বিয়ের পর বেকারত্বের কারণে স্ত্রী বাবার বাড়ি চলে গেলে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার মনোমালিন্য শুরু হয়। এরপর থেকে হাসানুর বাড়িতে খাওয়া-দাওয়া বন্ধ করে অভিমান করে ছিলেন। গতকাল সকালে হাসানুরের শাশুড়ি ও আত্মীয়রা তাদের বাড়িতে এলে হাসানুর তাদের সঙ্গে দেখা করতে বা আপ্যায়ন করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে পরিবারের মধ্যে বাগ্বিতণ্ডা তৈরি হয়।
একপর্যায়ে শুক্রবার রাত নয়টার দিকে বাবা মাহাবুর রহমান ছেলেকে তাঁর শাশুড়িকে সঙ্গে নিয়ে খেতে বললে হাসানুর তাতে অস্বীকৃতি জানান। এ সময় রাগের মাথায় বাবা ছেলেকে চড় মারলে হাসানুর উত্তেজিত হয়ে ঘর থেকে একটি ধারালো ছুরি এনে বাবার বুকে আঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানিয়েছেন, অভিযুক্ত ছেলে হাসানুরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 





















