কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে নতুন এক সতর্কবার্তা উচ্চারণ করেছেন কম্পিউটারবিজ্ঞানী জিওফ্রে হিন্টন। এআইয়ের ‘গডফাদার’ হিসেবে পরিচিত এই বিশেষজ্ঞ জানিয়েছেন, এআই মডেলগুলো এখন নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য এমন অদ্ভুত ভাষাগত সংকেত ও শব্দের নতুন সমন্বয় তৈরি করছে, যা মানুষের পক্ষে বুঝে ওঠা কঠিন। প্রযুক্তিটি যত বেশি উন্নত হচ্ছে, গবেষকদের জন্য এই জটিলতা তত বেশি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবায় আয়োজিত এক প্রশ্নোত্তর পর্বে হিন্টন এই আশঙ্কার কথা তুলে ধরেন। তিনি বলেন, এআই মডেলগুলো মানুষের মতো করে ভাষা আয়ত্ত করে না। প্রশিক্ষণের সময় তারা শব্দকে ছোট ছোট অংশে বিভক্ত করে ফেলে। যেমন, কোনো শব্দের শুরুর ‘ইউএন’ বা শেষের ‘এন’ অংশকে তারা একটি অর্থপূর্ণ একক হিসেবে গ্রহণ করে। অসংখ্য শব্দের এই খণ্ডাংশগুলো বিশ্লেষণ করেই এআই তার ভাষাভাণ্ডার গড়ে তোলে। তবে বর্তমান উদ্বেগের জায়গাটি হলো, এআই এজেন্টগুলো এখন তাদের প্রশিক্ষণে শেখানো হয়নি এমন নতুন নতুন শব্দাংশ উদ্ভাবন করছে, যা দিয়ে তারা নিজেদের মধ্যে যোগাযোগ চালাচ্ছে। কিন্তু এই ভাষাগত বিন্যাসের অর্থ গবেষকদের কাছে অজানা রয়ে গেছে।
এআইয়ের এই স্বয়ংক্রিয় শেখার সক্ষমতা নিয়ে হিন্টনের বড় উদ্বেগের জায়গা হলো তাদের জ্ঞান বিনিময়ের পদ্ধতি। তিনি ব্যাখ্যা করেন, মানুষের মতো প্রত্যেককে আলাদাভাবে অভিজ্ঞতা অর্জন করতে হয় না এআইয়ের ক্ষেত্রে। বরং একই মডেলের হাজার হাজার অনুলিপি বা কপি একসঙ্গে চালানো সম্ভব। প্রতিটি অনুলিপি আলাদাভাবে কোনো তথ্য বিশ্লেষণ করে শিখলে তা মুহূর্তেই অন্য হাজারো অনুলিপির সঙ্গে ভাগ করে নিতে পারে। এর ফলে সম্মিলিতভাবে তারা অবিশ্বাস্য গতিতে তথ্য প্রক্রিয়াকরণ করতে সক্ষম হচ্ছে। হিন্টনের মতে, একই সময়ে ১০ হাজার এআই অনুলিপি চালানো সম্ভব, যা তাদের বুদ্ধিমত্তাকে মানুষের তুলনায় অনেক বেশি শক্তিশালী করে তুলছে।
গুগলের তৈরি গেম খেলার ব্যবস্থা ‘আলফাজিরো’-র উদাহরণ টেনে তিনি বলেন, কোনো মানুষের সহযোগিতা ছাড়াই এটি নিজের সঙ্গে নিজে প্রতিদ্বন্দ্বিতা করে দাবা খেলার মতো জটিল বিষয়ে অসামান্য দক্ষতা অর্জন করেছিল। হিন্টনের ধারণা, একইভাবে আধুনিক ভাষাভিত্তিক এআই মডেলগুলোও নিজেদের ধারণা ও বিশ্বাস যাচাই করতে সক্ষম হবে। নিজেদের কাজের অসংগতিগুলো নিজেরাই খুঁজে বের করে তা সংশোধন ও উন্নয়নের প্রক্রিয়ায় তারা এগিয়ে যাবে।
এই ধরনের স্বাধীন ব্যবস্থার বড় ঝুঁকি হলো, এআই একসময় মানুষের নিয়ন্ত্রণ ও বোধগম্যতার বাইরে চলে যেতে পারে। যদি এআই মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে ওঠে, তবে তাদের চিন্তার ধরন এবং নিজেদের মধ্যে যোগাযোগের প্রক্রিয়া মানুষের জানার বাইরে চলে যাবে। সেক্ষেত্রে এআই কীভাবে সিদ্ধান্ত নিচ্ছে বা কী তথ্য আদান-প্রদান করছে, তা পর্যবেক্ষণ করা ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন জিওফ্রে হিন্টন।
আকাশ নিউজ ডেস্ক 
























