রাজধানীর নিউমার্কেটের অদূরে খন্দকার নাইম আহমেদ টিটন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। রোববার গভীর রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়।
তদন্তকারী সংস্থা ডিবির রমনা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. ইরফান খান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।
বিকেল সাড়ে ৪টার দিকে আসলামকে সিএমএম আদালতের হাজতখানায় আনা হয় এবং পৌনে ৫টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এজলাসে তোলা হয়। শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন রিমান্ডের প্রয়োজনীয়তা তুলে ধরেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে আদালত জামিন আবেদন নাকচ করে রিমান্ডের এই আদেশ প্রদান করেন। এসময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, চলতি বছরের ২৮ এপ্রিল রাতে নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের অদূরে বটতলায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারান টিটন। এ ঘটনায় নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপালগঞ্জের মুকসুদপুর থানার খাপুরা এলাকার বাসিন্দা টিটন দীর্ঘ কারাভোগের পর ২০২৪ সালের ১৩ আগস্ট মুক্তি পেয়েছিলেন। এর পরই তিনি রাজধানীর হাজারীবাগের সুলতানগঞ্জ এলাকায় বসবাস শুরু করেছিলেন। মামলা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলিতে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ১৩ আগস্ট আদালত থেকে জামিনে মুক্তি পান।
আকাশ নিউজ ডেস্ক 























