জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে সব ধরনের মতভেদ ভুলে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সামনে এ কথা বলেন। প্রায় এক ঘণ্টাব্যাপী এই আলোচনায় দেশের জাতীয় স্বার্থ ও ঐক্যের বিষয়টি প্রাধান্য পেয়েছে বলে তিনি জানান। প্রায় ১ ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। মাহদী আমিন আরও বলেন, ‘আজকে এখানে খোলামেলা আলোচনা হয়েছে, সেখানে সেই জাতীয় স্বার্থে দেশের মানুষের স্বার্থে ঐক্যের বিষয়টি উঠে এসেছে। আজকে এখানে যে মতবিনিময় হয়েছে, সেখানে সে আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ ফুটে উঠেছে।’।
মাহদী আমিন বৈঠকটিকে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে রাজনৈতিক সহাবস্থান, সহিষ্ণুতা এবং পারস্পরিক সম্মানবোধ বজায় থাকবে। জুলাই বিপ্লবে সকল শ্রেণি-পেশা ও ধর্মের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে ঐক্যবদ্ধ হয়েছিল, সেই একই আদর্শ বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদমুক্ত দেশে মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
পতিত স্বৈরাচারের রেখে যাওয়া সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল ও শক্তি যে অভিন্ন অবস্থানে রয়েছে, তা এই বৈঠকের মাধ্যমে পুনর্ব্যক্ত করা হয়েছে। মাহদী আমিন বলেন, ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে গোটা বাংলাদেশ এখন সব ধরনের দর্শন ও মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশের দিকে যে অভিযাত্রা শুরু হয়েছে, তা বাস্তবায়নে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আজকে এই মতবিনিময়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই।
নির্বাচনী প্রতিশ্রুতি ও সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, নির্বাচনী ম্যানিফেস্টো এবং জাতীয় জুলাই সনদে যে অঙ্গীকার ছিল, তা শতভাগ পূরণ করা হবে। সরকার গঠনের পর থেকে সংসদের প্রথম অধিবেশনে রেকর্ডসংখ্যক অধ্যাদেশ আইন হিসেবে পাস করা হয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং সরকার তা নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও সেটা বলেছেন যে, বিএনপি সরকার নোট অব ডিসেন্টের মতন করে যেভাবে আমরা নির্বাচনী ম্যানিফেস্টোতে এবং নির্বাচনী পথযাত্রায় আমাদের জাতীয় জুলাই সনদের শাখা স্বাক্ষর করেছিল, সেটাকে শতভাগ বাস্তবায়ন করা।
উক্ত বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার উপদেষ্টা মাহদী আমিন এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। অপরদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ।
আকাশ নিউজ ডেস্ক 























