যুক্তরাষ্ট্র যদি তেহরানের নির্ধারণ করা নির্দিষ্ট শর্তাবলী পূরণ করতে সম্মত হয়, তবে হরমুজ প্রণালিতে দ্রুত নিরাপত্তা ও স্বাভাবিক নৌ চলাচল ব্যবস্থা ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ বিষয়ে মন্তব্য করেছেন। হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি খুলে দিতে কোনো চুক্তির পর মাত্র দুই ঘণ্টা সময় লাগবে কি না, এমন প্রশ্নের উত্তরে বাঘাই জানান, ইরান অত্যন্ত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে সক্ষম।
ইরান তার প্রতিশ্রুতি রক্ষায় অটল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অপর পক্ষ যদি সংশ্লিষ্ট শর্তগুলো মেনে নেয়, তবে তেহরান যত দ্রুত সম্ভব সেগুলো বাস্তবায়ন করবে। তবে একই সঙ্গে ইরান তার জাতীয় লক্ষ্য এবং জনগণের অধিকারের বিষয়ে অত্যন্ত সচেতন। তিনি স্পষ্ট করেন যে, এসব অধিকার রক্ষায় ইরান কোনো অবস্থাতেই পিছু হটবে না।
মস্কো ও বেইজিংয়ের সাথে তেহরানের যোগাযোগ নিয়মিত রয়েছে বলেও জানিয়েছেন বাঘাই।
সাম্প্রতিক চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ সম্মেলনের আগে ও পরে তাদের সাথে ইরানের যোগাযোগ ছিল।
তিনি রাশিয়া ও চীনের সাথে ইরানের সম্পর্ককে ‘খুব ভালো’ হিসেবে বর্ণনা করে বলেন, আলোচনায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড এবং বর্তমান আন্তর্জাতিক আইন ও ব্যবস্থা নিয়ে সমালোচনা করা হয়েছে। গত বৃহস্পতিবার চীনের শেনজেনে আয়োজিত সেই নজিরবিহীন শীর্ষ সম্মেলনে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হওয়ার কথা জানা যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
মার্কিন কর্মকর্তাদের প্রায় প্রতিদিনের বিজয়ের দাবির প্রেক্ষিতে বাঘাই বলেন, এ ধরনের হুমকি ইরানি জনগণকে তাদের মাতৃভূমি বা মর্যাদা থেকে বিচ্যুত করতে পারবে না। বরং এসব চাপ ইরানের সংকল্পকে আরও দৃঢ় এবং জাতীয় ঐক্যকে শক্তিশালী করবে। এর কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, নতুন বছরের মধ্যে ইরানের সাথে কোনো চুক্তি না হলে তিনি নতুন করে যুদ্ধ শুরুর বিষয়টি বিবেচনা করবেন। তিনি বলেন, মার্কিন কর্মকর্তারা প্রায় প্রতিদিনই বিজয়ের দাবি করে আসছেন।
যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ মোকাবিলায় ইরান সব ধরনের উপায় ব্যবহার করতে প্রস্তুত বলেও তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। বাঘাই বলেন, বর্তমানে যে অর্থনৈতিক ও নৌ অবরোধের কথা বলা হচ্ছে, তা সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের নামান্তর। বিশেষ করে জাহাজ থেকে জাহাজে পণ্য স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির বিষয়টিকে তিনি আগ্রাসী আচরণ হিসেবে অভিহিত করেন। নৌ অবরোধের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি।
নৌ অবরোধ ভাঙতে সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেননি মুখপাত্র। তিনি আন্তর্জাতিক আইনের ৫১ নম্বর অনুচ্ছেদের প্রসঙ্গ টেনে বলেন, কোনো রাষ্ট্রের আত্মরক্ষার জন্য যেকোনো উপায়ের ব্যবহারের আইনি অধিকার রয়েছে। এ বিষয়ে ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরিস্থিতি অনুযায়ী কূটনৈতিক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 























