তৈরি পোশাক খাতে টানা কয়েক সপ্তাহের অস্থিরতায় ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মালিকরা। বিজিএমইএ-এর তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ৩১৭টি কারখানায় সরাসরি প্রায় ৫,১৩৬ কোটি টাকার (৪২৮ মিলিয়ন মার্কিন ডলার) সমপরিমাণ ক্ষতি হয়েছে। এই সময়ের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ৩,০৯৬ কোটি টাকার (২৫৪ মিলিয়ন মার্কিন ডলার) ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তরিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠনটি। ক্ষতির পরিমাণ নিরূপণে ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর—এই ১৮ দিনে চলা অস্থিতিশীল পরিস্থিতি ও নানা বিঘ্নের কারণে কারখানাগুলো কী পরিমাণ ক্ষতির মুখে পড়েছে, তার তথ্য জানাতে সম্প্রতি সদস্য কারখানাগুলোতে চিঠি দেয় বিজিএমইএ।
অক্টোবরের শেষ দিক থেকে শ্রমিকরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে রাস্তায় নামলে চলতি মাসের শুরু থেকে শিল্পাঞ্চলে অস্থিরতা তীব্র আকার ধারণ করে। বিজিএমইএ এই সংকটকালীন সময়ে সদস্য কারখানাগুলোর কাছ থেকে ক্ষতির প্রাথমিক হিসাব সংগ্রহ করেছে। তবে সংগঠনটির দাবি, বাস্তবে ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। জরিপের জন্য নির্ধারিত সময়সীমার স্বল্পতা এবং শিল্পাঞ্চলে এখনো চলমান অস্থিতিশীল পরিবেশের কারণে ৩১৭টির বেশি কারখানা এই পরিসংখ্যানে যুক্ত হতে পারেনি।
সরাসরি উৎপাদন ব্যাহত হওয়ার বাইরেও বড় ধরনের সংকটে পড়েছে রপ্তানি খাত। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অনেক ক্রেতা অর্ডার বাতিল করছেন অথবা বড় অংকের ডিসকাউন্ট দাবি করছেন। পাশাপাশি পণ্য সময়মতো পাঠাতে কারখানাগুলোকে বাধ্য হয়ে ব্যয়বহুল এয়ার শিপমেন্টের সাহায্য নিতে হচ্ছে, যার আর্থিক প্রভাব অনেক ক্ষেত্রে এই প্রাথমিক হিসাবের বাইরে রয়ে গেছে। রপ্তানি আদেশ ধরে রাখতে কারখানাগুলোকে এখন ব্যয়বহুল এয়ার শিপমেন্ট, বড় অঙ্কের মূল্যছাড়, এমনকি সরাসরি অর্ডার বাতিলের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে; যা এই হিসাবের মধ্যে আসেনি।
শিল্প মালিকরা জানিয়েছেন, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ায় সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। জরিপের তথ্য মূলত একটি খণ্ডচিত্র মাত্র, কারণ অস্থিরতা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়ে আসেনি। বিজিএমইএ-এর এই জরুরি জরিপে উঠে আসা পরিসংখ্যান পোশাক খাতের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাবেরই ইঙ্গিত দেয়, যা আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তির পাশাপাশি রপ্তানি সক্ষমতার ওপরও বড় ধরনের চাপ সৃষ্টি করছে।
আকাশ নিউজ ডেস্ক 
























