পোশাকশ্রমিকেরা দ্রুত কাজে যোগ না দিলে আগামী রবিবার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানাগুলো বন্ধ রাখা হবে বলে ঘোষণা দিয়েছে মালিকপক্ষ। শনিবার ঢাকার উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান এ হুঁশিয়ারি দেন। শ্রম আইনের এই ধারা অনুযায়ী, কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা মজুরি পান না।
সংবাদ সম্মেলনে মাহমুদ হাসান খান জানান, বর্তমানে শ্রমিক বিক্ষোভের জেরে সাভার, আশুলিয়া ও গাজীপুরের ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এবং মোট ৯২টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। রবিবার থেকে যে কারখানাগুলোতে উৎপাদন সচল করা সম্ভব হবে না, সেগুলো আইন অনুযায়ী বন্ধ রাখা হবে। আগামী সোমবার মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষের প্রস্তাব পেশ করার কথা থাকলেও, অস্থিরতা বজায় থাকলে তাতে অংশগ্রহণ করার বিষয়ে নতুন করে সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিজিএমইএ সভাপতি। আগামীকাল রোববার থেকে যেসব কারখানায় উৎপাদন সম্ভব হবে না, সেগুলো চাইলে ১৩(১) ধারায় বন্ধ রাখতে পারবে বলে জানান তিনি। ‘আগামী সোমবার মজুরি বোর্ডে মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে। তবে বিশৃঙ্খলা চলতে থাকলে বোর্ডের আলোচনায় অংশ নেওয়া হবে কি না, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে’—উল্লেখ্য করেন বিজিএমই সভাপতি মাহমুদ হাসান খান।
আকাশ নিউজ ডেস্ক 
























