বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের সাম্প্রতিক হামলার কড়া সমালোচনা ও তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দোহার পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপকে বাহরাইনের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার ওপর সরাসরি আঘাত হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিশেষ বিবৃতিতে উল্লেখ করে, বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামো এবং সাধারণ নাগরিকদের লক্ষ্য করে যেকোনো আগ্রাসন কাতার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। এই আক্রমণ আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং প্রতিবেশীসুলভ আচরণের মূলনীতির সুস্পষ্ট লঙ্ঘন। লাগাতার এসব পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা বাড়াবে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, স্থিতিশীলতা ও বিশ্ব কূটনৈতিক উদ্যোগকে চরম ঝুঁকিতে ফেলবে বলে সতর্ক করা হয়।
বিবৃতিতে বাহরাইনের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করা হয়েছে। কাতার স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে বাহরাইন সরকার যেসব আইনি বা বৈধ পদক্ষেপ নেবে, তাতে দোহার পূর্ণ সমর্থন থাকবে।
আকাশ নিউজ ডেস্ক 
























