নারায়ণগঞ্জের ফতুল্লায় ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম মাসদাইর এলাকার আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন শাহিন (৪০), তার স্ত্রী লিমা (৩২) এবং তাদের আত্মীয় পারভীন (৩০)। স্থানীয় বাসিন্দা জসিম মিয়া জানান, ফ্ল্যাটের দরজা-জানালা সব বন্ধ থাকায় ভেতরে গ্যাস জমে ছিল। সকালে রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও ফ্ল্যাটের বাসিন্দারা দগ্ধ হন।
আহতদের তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, বিষয়টি শুরুতে পুলিশকে অবহিত করা হয়নি। পরে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দগ্ধদের ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
আকাশ নিউজ ডেস্ক 

























