জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের মিনিস্টার-প্রেসিডেন্ট হেনড্রিক ভুস্টের সঙ্গে শনিবার ড্রাখেনবুর্গ প্রাসাদে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সাক্ষাতের শুরুতে আমির এই সফরের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য হেনড্রিক ভুস্টকে ধন্যবাদ জানান। একই সঙ্গে কাতার ও নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার ক্রমবর্ধমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গভীর প্রশংসা করেন তিনি।
বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি শিল্প ও গবেষণা খাতে নতুন করে অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে কাতারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন আমির। তিনি নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার শিল্প ও গবেষণার দক্ষতা কাজে লাগিয়ে উভয় পক্ষের স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক ক্ষেত্রগুলোকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে হেনড্রিক ভুস্ট বলেন, আমিরের এই সফর দুই পক্ষের মধ্যকার পারস্পরিক আস্থার গভীরতা এবং দৃঢ় অংশীদারিত্বের এক বড় প্রতিফলন। আমিরের বলিষ্ঠ নেতৃত্বে কাতারের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সাফল্যের ভূয়সী প্রশংসা করেন তিনি। এছাড়া জার্মানি ও স্থানীয় অর্থনীতিতে কাতারি বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে নতুন সব সহযোগিতার ক্ষেত্র উন্মোচনে নিজের আগ্রহের কথা জানান ভুস্ট।
বৈঠকটিতে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কাতারের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি, স্বরাষ্ট্রমন্ত্রী ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী (লেখউইয়া)-এর কমান্ডার শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি এবং আমিরি দিওয়ানের প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ আল খুলাইফি।
জার্মান পক্ষে আলোচনায় অংশ নেন ডেপুটি মিনিস্টার-প্রেসিডেন্ট এবং অর্থনৈতিক বিষয়, শিল্প, জলবায়ু সুরক্ষা ও জ্বালানিমন্ত্রী মোনা নয়বাউর, ফেডারেল, ইউরোপীয় ও আন্তর্জাতিক বিষয় এবং গণমাধ্যমমন্ত্রী নাথানায়েল লিমিনস্কি। আলোচনার আনুষ্ঠানিকতা শেষে হেনড্রিক ভুস্ট কাতারের আমিরের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন আমির ও তাঁর সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরা।
আকাশ নিউজ ডেস্ক 
























