চলতি ২০২৬ সালে কাতারের নৌযান ও বিলাসবহুল ইয়ট বাজারে দারুণ গতি এসেছে। সমুদ্রকেন্দ্রিক বিনোদন চাহিদার পাশাপাশি স্থানীয় সামুদ্রিক শিল্প প্রতিষ্ঠানের ধারাবাহিক উন্নয়নে গত বছরের তুলনায় সামগ্রিক বিক্রি ও চাহিদা ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ওল্ড দোহা পোর্টে সফলভাবে সমাপ্ত ‘কাতার বোট শো’-এর তৃতীয় আসর এই প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করেছে। সমুদ্রকেন্দ্রিক বিনোদন ও কার্যক্রমের প্রতি মানুষের ক্রমবর্ধমান আগ্রহ, নতুন ক্রেতা তৈরি হওয়া এবং দেশীয় সামুদ্রিক নির্মাণ শিল্পের ধারাবাহিক উন্নয়নের ফলে এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। প্রতিষ্ঠানটি এমন বহুমুখী নকশার নৌযান তৈরি করছে, যা একই সঙ্গে বিলাসবহুল ইয়ট, স্পিডবোট এবং প্রথাগত পণ্যবাহী নৌযান হিসেবে ব্যবহার করা সম্ভব।
চার দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনীতে ৩১ হাজারের বেশি দর্শনার্থী উপস্থিত ছিলেন এবং প্রদর্শনীর প্রতিটি টিকিট বিক্রি হয়ে যায়। বিশাল এলাকা জুড়ে আয়োজিত এই মেলায় ১৪টি দেশের ৫৪৬টি ব্র্যান্ড অংশগ্রহণ করে। এবারের আয়োজনে উপসাগরীয় অঞ্চলের অংশগ্রহণ ৩০ শতাংশ বেড়েছে। মোট প্রদর্শকদের ৫৫ শতাংশই ছিল কাতারি প্রতিষ্ঠান, আর বাকি ৪৫ শতাংশ ছিল আন্তর্জাতিক। বিশেষ করে ৭০ শতাংশ প্রদর্শক পুনরায় তাদের অংশগ্রহণ নবায়ন করেছেন, যা কাতারের সামুদ্রিক বাজারের বাণিজ্যিক গুরুত্বের প্রমাণ দেয়। ২ লাখ ৭৭ হাজার বর্গমিটার এলাকাজুড়ে আয়োজিত এই মেলায় ১৪টি দেশের ৫৪৬টি ব্র্যান্ড অংশ নেয়।
নৌকা নির্মাণ কারখানার মহাব্যবস্থাপক আবদুল আজিজ আল-হারাম জানান, আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিযোগীদের মোকাবিলা করে স্থানীয় সক্ষমতা প্রদর্শনের বড় সুযোগ ছিল এই মেলা। তার কারখানার বিক্রি গত বছরের চেয়ে ২৫ শতাংশ বেড়েছে। বর্তমানে কাতারের অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি এশিয়া ও আফ্রিকায় ইয়ট রপ্তানি করছে তারা। সম্প্রতি মালদ্বীপে পণ্য বিপণনের জন্য একটি নতুন চুক্তিও সম্পন্ন হয়েছে। দীর্ঘ ২২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এই প্রতিষ্ঠানটি বর্তমানে ৬২ ফুট দীর্ঘ ও ১৬ ফুট প্রশস্ত আধুনিক ইয়ট তৈরি করছে, যার দাম ১০ হাজার থেকে ৩৫ লাখ কাতারি রিয়াল পর্যন্ত হয়ে থাকে।
ইয়ট বিক্রয় ব্যবস্থাপক লুয়াই আল-শেখ জানান, বাজারের বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ২০২৬ সালে চাহিদা ১৫ থেকে ২৫ শতাংশ বেড়েছে। তার প্রতিষ্ঠান বিক্রির পাশাপাশি রক্ষণাবেক্ষণ, মেরামত এবং পুরোনো ইয়ট কেনাবেচায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। তিনি আরও জানান, ছোট স্পোর্টস বোটের দাম ১০ লাখ রিয়াল থেকে শুরু হয়। অন্যদিকে ম্যাজেস্টি ও নোম্যাড সিরিজের বড় ইয়টগুলোর দাম ৬০ লাখ রিয়াল থেকে শুরু হয়ে ১৭৫ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট অত্যাধুনিক বিলাসবহুল ইয়টের ক্ষেত্রে ৮ থেকে ৯ কোটি রিয়াল পর্যন্ত পৌঁছাতে পারে।
এই বোট শো কেবল পণ্য প্রদর্শনীর মঞ্চ নয়, বরং নতুন বাণিজ্যিক চুক্তি সম্পাদন ও কাতারি প্রতিষ্ঠানগুলোর দক্ষতা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। সব মিলিয়ে, এই প্রদর্শনী দেশটির সামুদ্রিক শিল্পের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























