মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহর মর্যাদা, গুরুত্ব ও তা অনুসরণের প্রয়োজনীয়তা তুলে ধরতে বিশেষ প্রচারাভিযান শুরু করেছে কাতারের আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয়। ‘বায়দা… মিন ওয়াহই আল-সামা’ বা ‘আসমানি ওহি থেকে অনুপ্রাণিত’ শীর্ষক এই কর্মসূচিটি ২ নভেম্বর শুরু হয়েছে এবং চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এর মাধ্যমে ইসলামি শরিয়তে সুন্নাহর অবস্থান, পবিত্র কোরআনের সঙ্গে এর গভীর সম্পর্ক, শরিয়তে এর প্রামাণিকতা এবং রাসুলুল্লাহ (সা.)-এর আনুগত্যের অপরিহার্যতা জনসাধারণের কাছে তুলে ধরা হচ্ছে।
জুমার খুতবায় সচেতনতা
- ৬ নভেম্বর: ‘সম্পদ একটি আমানত: স্থায়ী কল্যাণের গুরুত্ব’ শীর্ষক খুতবা প্রদান করা হয়।
- ১৩ নভেম্বর: ‘অপচয় করবেন না: ভোগের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা’ শিরোনামে আলোচনা করা হয়েছে।
দেশটির বিভিন্ন মসজিদে আয়োজিত এসব খুতবার মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেন ও সামাজিক জীবনে নবীজির শিক্ষা অনুসরণের ওপর জোর দেওয়া হয়েছে।
ইসলামি জীবনযাত্রায় সততা, পরিমিতিবোধ ও সম্পদের দায়িত্বশীল ব্যবহারের পাশাপাশি অপচয় থেকে বিরত থাকার বিশেষ আহ্বান জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম দ্য পেনিনসুলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, সমাজের সর্বস্তরের মানুষের কাছে ধর্মীয় ও শিক্ষামূলক বার্তা পৌঁছে দিতে জুমার খুতবা অত্যন্ত কার্যকর।
এই প্রচারাভিযানের লক্ষ্য হলো ইসলামের নীতিমালাকে বাস্তব জীবনে প্রয়োগযোগ্য করে তোলা এবং দৈনন্দিন চর্চায় সুন্নাহর গুরুত্ব পুনরায় প্রতিষ্ঠা করা।
আকাশ নিউজ ডেস্ক 
























