দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, স্থানীয় পর্যায়ের এই নির্বাচন বরং ক্ষেত্রবিশেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের ১৪তম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনসহ চলমান রাজনৈতিক অস্থিরতা নির্বাচনকে প্রভাবিত করবে কি না—এমন প্রশ্নে তিনি জানান, স্থানীয় নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক হবে বলেই কমিশন মনে করে। একই সভায় ইউপি নির্বাচনের ধাপ এবং ইউনিয়নগুলোর সংখ্যা নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পঞ্চম ধাপে তুলনামূলক কম ইউনিয়ন রাখা হয়েছে, যাতে আইনি জটিলতায় পিছিয়ে যাওয়া নির্বাচনগুলো পরবর্তী সময়ে সহজে সমন্বয় করা সম্ভব হয়।
নির্বাচন কমিশনারের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ১৩১টি উপজেলায় ১ হাজার ২৬টি, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলায় প্রায় ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলায় ১ হাজার ১৩টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলায় ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলায় মোট ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশের মাধ্যমে নির্দিষ্ট ইউনিয়নগুলোর নির্বাচনের তারিখ ও বিস্তারিত তথ্য জানা যাবে।
এছাড়া স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরিকল্পনা নিয়েছে ইসি। জাতীয় নির্বাচনের আদলেই নিবন্ধিত দলগুলোকে তাদের নিবন্ধনের ক্রমানুসারে সংলাপে ডাকা হবে। আগামী ডিসেম্বরের ১০ তারিখের আগেই তিন দিনব্যাপী এই সংলাপ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নভেম্বরের শেষভাগ বা ডিসেম্বরের শুরুতে দলগুলোর কাছে আমন্ত্রণপত্র পাঠানোর কার্যক্রম শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।
আকাশ নিউজ ডেস্ক 























