সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ‘তোমার জন্য চাঁদ আনব আকাশ ছিঁড়ে’ শিরোনামের একটি গান। গানটির কথার ধরনে রোমান্টিক আবহে বলা হয়েছে, “তোমার জন্য চাঁদ আনব আকাশ ছিঁড়ে, পাগল না কি, চাঁদ রাখব কোন ঘরে? তোমার জন্য সাঁতরে পার হবো পদ্মা নদী, পাগল না কি, ডুবে যাও যদি।” এমন ছন্দময় কথামালা নেটিজেনদের বেশ মুগ্ধ করেছে।
গানটি নিয়ে মুগ্ধতার বহিঃপ্রকাশ ঘটিয়ে অনেক ব্যবহারকারীই মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “গানটা খুব সুন্দর হয়েছে। আমি অনেকবার শুনেছি, অনেক ভালো লাগল।” জুয়েল নামে আরেকজন মন্তব্য করেন, “পাগল না কি, আমিও পাগল হয়ে গেছি।” মৌসুমী নামের এক শ্রোতা জানিয়েছেন, তিনি দিনে অন্তত একবার গানটি শোনেন। এভাবে হাজারো প্রশংসাসূচক মন্তব্যে ভরে উঠেছে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম।
তবে শ্রোতাদের অনেকের মনেই প্রশ্ন জেগেছে—গানটির মূল গায়ক, গীতিকার ও সুরকার আসলে কে? অনুসন্ধানে দেখা যায়, এই গানের নেপথ্যে রক্ত-মাংসের কোনো মানুষের অংশগ্রহণ নেই। ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটির ক্রেডিটে সুরকার হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নাম উল্লেখ রয়েছে। রোমান্টিক ঘরানার এই কথাগুলোও মানুষের কলমে লেখা নয়, বরং এআই-এর মাধ্যমে তৈরি করা হয়েছে।
গানটির সংগীতায়োজনে সুনোএআই বা ওডিওর মতো এআই মিউজিক জেনারেটর টুল ব্যবহার করা হয়েছে। এমনকি গানে শোনা যাওয়া ছেলে ও মেয়ের দ্বৈত কণ্ঠটিও কৃত্রিম, যা এআই প্রযুক্তি দিয়ে উৎপন্ন। ওয়াকাস (WAQAS) বা জেএমজে মিউজিক হাবের (JMJ Music Hub) মতো এআই মিউজিক ক্রিয়েটরদের প্রোফাইল থেকে গানটি মুক্তি পাওয়ার পর টিকটক, ফেসবুক রিলস ও ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং রাতারাতি ভাইরাল হয়ে যায়।
আকাশ নিউজ ডেস্ক 























