সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রভাবশালী গান্ধী পরিবারকে নিয়ে আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হিমাচল প্রদেশের শিমলার বয়লেগঞ্জ থানায় এসংক্রান্ত একটি এফআইআর নথিভুক্ত হয়েছে। স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অতুল শর্মার ইমেইলের মাধ্যমে করা অভিযোগের ভিত্তিতে পুলিশ এ ব্যবস্থা নিয়েছে।
পুলিশ সুপার গৌরব সিং জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬(১)(বি), ৩৫৩(২) ও ৩৫৬(২) ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়েছে। অভিযোগকারী দাবি করেছেন, কঙ্গনার এসব মন্তব্য সাধারণ মানুষের মধ্যে বিদ্বেষ ও সাম্প্রদায়িক বিভেদ ছড়াতে পারে। পুলিশ ইতোমধ্যে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে এবং সাইবার ফরেনসিক প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট পোস্ট ও বক্তব্যগুলো খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার সূত্রপাত গত ১০ নভেম্বর, যখন কঙ্গনার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। সেখানে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তার দুই পুত্র সঞ্জয় ও রাজীব গান্ধীর মৃত্যু নিয়ে উসকানিমূলক ইঙ্গিত দেওয়া হয়। একই সঙ্গে সোনিয়া গান্ধীকে ‘রহস্যময় বিদেশি নাগরিক’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। পোস্টটিতে মানেকা গান্ধীর সাথে ইন্দিরা গান্ধীর সম্পর্ক এবং গান্ধী পরিবারের ব্যক্তিগত ও রাজনৈতিক উত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করা হয়।
সম্প্রতি সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’ প্রকাশের পর এবং আশির দশকের একটি পুরোনো পারিবারিক ভিডিও নতুন করে ইন্টারনেটে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে কঙ্গনা এই মন্তব্য করেন। পারিবারিক ভিডিওটিতে ইন্দিরা, সোনিয়া, মানেকা এবং শিশু রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে দেখা গিয়েছিল। এই পোস্টের মাধ্যমে গান্ধী পরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক ও রাজনৈতিক ইতিহাস নিয়ে তিনি নতুন করে বিতর্ক সৃষ্টি করেছেন, যার প্রেক্ষিতেই এখন আইনি জটিলতার মুখে পড়েছেন এই সংসদ সদস্য।
আকাশ নিউজ ডেস্ক 
























