রক্ষণাবেক্ষণ ও জরুরি মেরামত কাজের জন্য আজ শনিবার (১৪ নভেম্বর) রংপুর ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) শুক্রবার পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে। ৩৩ কেভি সঞ্চালন লাইন এবং ১১ কেভি বিতরণ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই করার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কুড়িগ্রাম শহরসহ জেলার নেসকোর আওতাধীন সব এলাকায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। এর আওতায় সার্কিট হাউস, বিজিবি এলাকা, মোগলবাসা ও মেডিক্যাল পাড়াসহ বিভিন্ন পয়েন্টে কাজ চলবে। নেসকোর নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, নির্ধারিত ১০ ঘণ্টার আগেই কাজ শেষ করার চেষ্টা করা হবে, তবে এলাকাভেদে সংযোগ স্বাভাবিক হতে কিছুটা বাড়তি সময় লাগতে পারে।
এদিকে রংপুরেও বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর নুরপুর ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে না। এই ১১ কেভি ফিডারের রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিকন মোড়, ঠিকাদার পাড়া, পানাম মোড়, সিঙ্গার শোরুম, নেসকো অফিস-১, নুরপুর, গুপ্তপাড়া, পুরাতন পাসপোর্ট অফিস ও খরমপট্টি ব্রিজ এলাকার গ্রাহকদের বিদ্যুৎহীন থাকতে হবে।
এছাড়া এই কার্যক্রমের আওতায় নাসারী, মাছুয়াপাড়া, বৈরাগীপাড়া, কামালকাছনা, চিরার মিল, ভ্যাট অফিস জি এল রায় রোড ও আড়ং শোরুম সংলগ্ন এলাকাগুলোকেও রাখা হয়েছে। সঞ্চালন লাইনের সুরক্ষা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে গাছের শাখা-প্রশাখা ছাঁটাই এবং প্রয়োজনীয় সংস্কার কাজ পরিচালনা করবে নেসকো।
আকাশ নিউজ ডেস্ক 
























