কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে ঘটা অগ্নিকাণ্ডের উৎস নিয়ে তদন্ত চালাচ্ছে কর্তৃপক্ষ। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম-ওএন্ডএম) তোজাম্মেল হক জানিয়েছেন, তাদের বৈদ্যুতিক লাইনে কোনো শর্টসার্কিটের আলামত পাওয়া যায়নি। ঘটনার সময় লাইন অক্ষত ছিল বলে তিনি নিশ্চিত করেন।
তোজাম্মেল হক জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। পরবর্তীতে লাইনম্যানরা ঘটনাস্থল থেকে বৈদ্যুতিক তার ও মিটার উদ্ধার করেন। তদন্তে দেখা গেছে, আগুনের তাপে মিটারের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হলেও ভেতরের সার্কিটে শর্টসার্কিটের কোনো চিহ্ন নেই। এমনকি বাড়ির মেইন সুইচের কার্টিজ ফিউজগুলোও অক্ষত ছিল। শর্টসার্কিট হলে সাধারণত ফিউজ কেটে যাওয়ার কথা থাকলেও তা এখানে ঘটেনি। বাড়ির বিদ্যুৎ সংযোগে উচ্চ রেটিংয়ের কোনো ফিউজ ব্যবহার করা হয়নি, যা স্বাভাবিকভাবেই অগ্নিকাণ্ডের কারণ হিসেবে বৈদ্যুতিক ত্রুটিকে নাকচ করছে। আমাদের অভিযোগ কেন্দ্রে ফোন আসার পরপরই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়। পরে দু’জন লাইনম্যান ঘটনাস্থলে গিয়ে বৈদ্যুতিক তার ও মিটার উদ্ধার করেন।
এদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও উদঘাটিত হয়নি। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস, বিজিবি ও সিভিল প্রশাসন ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ঘটনাটির উৎস খুঁজতে কাজ করছে।
আকাশ নিউজ ডেস্ক 
























