আবুধাবিভিত্তিক বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ তাদের দীর্ঘদিনের অংশীদার ম্যাকলারেন রেসিংয়ের সাথে যৌথ উদ্যোগে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের নতুন রূপ উন্মোচন করেছে। বাণিজ্যিক উড়োজাহাজের বিশাল কাঠামোয় কোনো ফর্মুলা ওয়ান দলের পরিচিত রঙ ও ব্র্যান্ডিং ব্যবহারের এমন নজির এটিই প্রথম। মঙ্গলবার, ১০ নভেম্বর আবুধাবির ইতিহাদ ইঞ্জিনিয়ারিংয়ের নিজস্ব স্থাপনায় আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে এই বিশেষ নকশাটি সবার সামনে আনা হয়। আয়োজনে একক বৃহৎ পর্দা উন্মোচনের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতিও অর্জন করেছে ইতিহাদ।
উন্মোচন অনুষ্ঠানে ইতিহাদ এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা আন্তোনোয়ালদো নেভেস জানান, ফর্মুলা ওয়ান বিশ্বজুড়ে বিভিন্ন দেশের মানুষকে এক সুতোয় বাঁধার পাশাপাশি তীব্র উত্তেজনার আবহ তৈরি করে। এই বিশেষ উড়োজাহাজের মাধ্যমে ম্যাকলারেনের ভক্তদের আরও কাছাকাছি পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে। তিনি আরও জানান, মঙ্গলবার মাদ্রিদের উদ্দেশে উড়াল দেওয়ার মাধ্যমে এই ড্রিমলাইনারটির প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছে। পরবর্তীতে এটি বিশ্বের নানা গন্তব্যে যাতায়াত করবে।
পরিকল্পনা অনুযায়ী, এই বিশেষ ড্রিমলাইনারটি আবুধাবি থেকে ডাবলিন, মিলান, ভিয়েনা, বালি, ব্যাংকক ও দিল্লির মতো গুরুত্বপূর্ণ রুটে নিয়মিত চলাচল করবে। এর ফলে আন্তর্জাতিক আকাশসীমায় ম্যাকলারেনের পরিচিত প্যাপায়া কমলা রঙ ও ব্র্যান্ডিং বিশ্বব্যাপী প্রদর্শিত হবে। ম্যাকলারেন রেসিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ব্রাউন বলেন, এই উদ্যোগটি দুটি বিশ্বখ্যাত ব্র্যান্ডকে একটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছে, যা গ্রাহক ও ভক্তদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় করবে। এতে ম্যাকলারেনের বিখ্যাত প্যাপায়া বা কমলা রং এবং দলের স্বতন্ত্র পরিচিতি ফুটিয়ে তোলা হয়েছে।
উল্লেখ্য যে, উড়োজাহাজের চূড়ান্ত নকশাটি নির্বাচনের আগে ইতিহাদ ও ম্যাকলারেন কর্তৃপক্ষ প্রায় ১৫টি বিকল্প পর্যালোচনা করেছিল। চলতি বছরের শুরুর দিকে ইতিহাদ ও ম্যাকলারেনের মধ্যে দীর্ঘমেয়াদী অংশীদারত্বের ঘোষণা দেওয়া হয়। এই চুক্তির আওতায় ২০২৬ মৌসুম ও তার পরবর্তী সময়ের জন্য ইতিহাদ এয়ারওয়েজ ম্যাকলারেন মাস্টারকার্ড ফর্মুলা ওয়ান এবং ম্যাকলারেন হাইপারকার দলের আনুষ্ঠানিক সঙ্গী হিসেবে কাজ করছে। জানা গেছে, উড়োজাহাজটির নকশা চূড়ান্ত করতে নেভেস ও ব্রাউন মিলে ১৫টি বিকল্প পর্যালোচনা করেছিলেন। সেখান থেকেই চূড়ান্ত নকশাটি নির্বাচন করা হয়।
কেবল উড়োজাহাজের বাহ্যিক সাজ নয়, বরং ম্যাকলারেনের রেসিং কার এবং চালকদের হেলমেটেও এখন ইতিহাদের লোগো ও ব্র্যান্ডিং দৃশ্যমান। সংযুক্ত আরব আমিরাতের এই বিমান সংস্থাটি ২০০৯ সাল থেকে ফর্মুলা ওয়ান আবুধাবি গ্রাঁ প্রিঁর শিরোনাম পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছে। চলতি বছর ফর্মুলা ওয়ান মৌসুমের শেষ প্রতিযোগিতাটি আগামী ৩ থেকে ৬ ডিসেম্বর আবুধাবির ইয়াস আইল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























