ভারতে আশ্রয় নেয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় এবং তাকে ফিরিয়ে আনাই সঠিক পদক্ষেপ। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘সুতরাং আমি এটুকু বলছি, আমাদের সরকার মনে করে কনভিক্টেড আসামিকে আমরা এক্সট্রাডাইড করবো। আই রিপিট, উনি এত মানুষ খুন করিয়েছেন, করেছেন কথাটা এরকম না। এই ডিফারেন্সটা আমি আশা করি আমাদের জনগণ বোঝেন।
প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন সংক্রান্ত আইনি চ্যালেঞ্জের বিষয়ে ডা. জাহেদ বলেন, ভারত সরকার এ নিয়ে বিভিন্ন সময় আইনি জটিলতার কথা তুলে ধরেছে। তবে তিনি মনে করেন, বিষয়টি এখন আর তেমন জটিল নয়। তিনি বলেন, ‘শেখ হাসিনা নিজে যেহেতু আসতে চেয়েছেন, তাই তাকে আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে আসার প্রয়োজন নেই। তিনি নিজে বললেই ভারত তাকে আমাদের কাছে হস্তান্তর করতে পারে। ফলে এ ক্ষেত্রে বড় কোনো আইনি ইস্যু আছে বলে বর্তমান সরকার মনে করে না।’ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) নিয়ে একটা কথা বলতে চাই—ইন্ডিয়াতে একটা ব্রিফিং হয় আপনারা জানেন। একাধিকবার সেখানে বলা হয়েছে, এটার একটা লিগ্যাল ইস্যুজ আছে।
শেখ হাসিনার অপরাধের ধরন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, তিনি কেবল সাধারণ অপরাধী নন, বরং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়ী। তিনি ব্যাখ্যা করে বলেন, ‘অনেকে মনে করছেন উনি অনেকগুলো খুনের সাথে জড়িত, কিন্তু বিষয়টি শুধু সেই গণ্ডিতে সীমাবদ্ধ নয়। সাধারণ খুনের সঙ্গে মানবতাবিরোধী অপরাধের মৌলিক পার্থক্য রয়েছে এবং তিনি সেই অপরাধে অপরাধী।’
সংবিধানের ধারা উল্লেখ করে তিনি আরও বলেন, যারা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত, তাদের ক্ষেত্রে অনেক সাধারণ মৌলিক মানবাধিকার কার্যকর থাকে না। শেখ হাসিনা যেহেতু ইতিমধ্যে বিচারে দণ্ডিত হয়েছেন, তাই তার ক্ষেত্রে এটি প্রযোজ্য। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভারত সরকার তাকে হস্তান্তরের প্রক্রিয়াটিতে সহযোগিতা করবে, কারণ যাকে ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে, তিনি নিজেও ফিরে আসতে আগ্রহী। একইসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিতদের জন্য প্রচলিত অনেক আইনি সুরক্ষা বলয় সংকুচিত হয়ে পড়ে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের ক্রাইম অ্যাগেনিস্ট হিউম্যানিটির যে আইন আছে, অভিযুক্ত যারা আছেন তাদের জন্য অনেক ফান্ডামেন্টাল রাইটস কার্যকর থাকবে না।’। একশো খুন পাঁচশো খুন এক জিনিস আর ক্রাইম অ্যাগেইনিস্ট হিউম্যানিটি আরেক জিনিস।
আকাশ নিউজ ডেস্ক 
























