ঢাকার সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকালের এই ঘটনায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল ব্যবহারের ঘটনা ঘটে। উত্তপ্ত পরিস্থিতির একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হেমায়েতপুর-সিংগাইর সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করছিলেন। পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়তে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য এবং বেশ কয়েকজন শ্রমিক আহত হন। পরে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন জানান, সকালের দিকে পদ্মার মোড় এলাকায় দুই দিক থেকে ৩০ থেকে ৪০ হাজার শ্রমিক জড়ো হয়ে পুলিশের ওপর চড়াও হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রতিরোধ গড়ে তোলে। এরই মধ্যে আন্দোলনকারীরা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে এবং ওসির ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
আকাশ নিউজ ডেস্ক 
























